নাটোর প্রতিনিধি
নাটোরে একই দিনে তিন ভাইয়ের মৃত্যু হয়েছে। একই দিনে তিন ভাইয়ের মৃত্যুতে পুরো শহরে শোকের ছায়া নেমে এসেছে। এরা হলেন, শহরের ঐতিহ্যবাহী পচুর হোটেলের স্বত্বাধিকারী মো. শরিফুল ইসলাম পচু, তার বড় ভাই বাবলু এবং ছোট ভাই জাহাঙ্গীর।
স্থানীয় সূত্রে জানা যায়, মো. শরিফুল ইসলাম পচু করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন ছিলেন। শুক্রবার ভোরে তিনি মারা যান। তার মৃত্যুর খবর শোনার পরপরই তার বড় ভাই বাবলু নিজ বাড়িতে স্ট্রোক করে মারা যান। দুপুরে তাদের জানাজা শেষে গাড়িখানা গোরস্তানে দাফন করা হয়। পচুর ছোট ভাই জাহাঙ্গীর রাজশাহী মেডিক্যালে করোনা ইউনিটের আইসিইউতে চিকিত্সাধীন ছিলেন। শুক্রবার সন্ধ্যার কিছু পরে তারও মৃত্যু হয়।
