হারারে টেস্টে জয়ের সুবাস

আপডেট : ১০ জুলাই ২০২১, ২২:৫৬

হারারে টেস্টে বাংলাদেশের দাপটে কোণঠাসা জিম্বাবুয়ে। ব্যাটে-বলে সম্মিলিত পারফরম্যান্সে জয়ের পথে টাইগাররা। আজ ম্যাচের পঞ্চম ও শেষ দিনে জয় নিশ্চিত করতে তুলে নিতে হবে জিম্বাবুয়ের শেষ ৭টি উইকেট। হাতে থাকছে পুরো ৯০ ওভার। হার এড়াতে জিম্বাবুয়েকে ব্যাট করতে হবে পুরো দিন। সাকিব-মিরাজদের বোলিংয়ের বিপরীতে যা স্বাগতিকদের জন্য বিরাট চ্যালেঞ্জই বটে।

ম্যাচ জিততে জিম্বাবুয়েকে করতে হবে আরো ৩৩৭ রান। বাংলাদেশের ছুঁড়ে দেওয়া ৪৭৭ রানের টার্গেট পাড়ি দিতে হলে বিশ্বরেকর্ডই গড়তে হবে তাদের। গতকাল চতুর্থ দিনে টপঅর্ডারের তিন ব্যাটসম্যান হারানোর পর সেই সম্ভাবনাও এখন দূরাশারই নামান্তর। দ্বিতীয় ইনিংসে ৩ উইকেটে ১৪০ রান তুলে চতুর্থ দিন শেষ করেছে জিম্বাবুয়ে। ডিয়ন মায়ার্স ১৮, নাইট ওয়াচম্যান তিরিপানো ৭ রানে অপরাজিত আছেন।             গতকাল সাদমান ইসলাম ও নাজমুল হোসেন শান্তর জোড়া সেঞ্চুরিতে ১ উইকেটে ২৮৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেছিল বাংলাদেশ। দুই ইনিংস মিলে লিড দাঁড়ায় ৪৭৬ রান।

দ্বিতীয় ইনিংসে চা-বিরতির আগেই জিম্বাবুয়েকে ধাক্কা দেন তাসকিন। মিলটন শুম্বা (১১) ক্যাচ দেন দ্বাদশ ফিল্ডার ইয়াসির আলীর হাতে। তারপর কাইতানো-ব্রেন্ডন টেইলরের জুটি প্রতিরোধের দেওয়াল গড়ে। ৯৫ রানের জুটি ভাঙেন মিরাজ। টেইলর কট অ্যান্ড বোল্ড হন। ৭৩ বলে ১৬ চারে ৯২ রান করেন জিম্বাবুয়ের অধিনায়ক। পড়ন্ত বিকালে কাইতানোর জমাট রক্ষণে চিড় ধরান সাকিব। এলবির ফাঁদে পড়ার আগে ১০২ বলে ৭ রান করেন কাইতানো। যদিও ব্যক্তিগত ১ রানে মিরাজের বলে এবাদতের হাতে জীবন পেয়েছিলেন তিনি। পরে আর বিপদ হতে দেননি মায়ার্স-তিরিপানো।

এর আগে গতকাল ১ উইকেট হারিয়ে ২৩৯ রান যোগ করেছিল বাংলাদেশ। দলীয় ৮৮ রানে সাইফ হাসান আউট হন। তিনি ৪৩ রান করেন। তারপর সাদমান-শান্তর ব্যাটের দাপটে রানের পাহাড়ে চাপা পড়েছে জিম্বাবুয়ে। সাদমান ১৮০ বলে তুলে নেন ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি। ১০৯ বলে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করেন শান্ত। সাদমান ১১৫, শান্ত ১১৭ রান করে অপরাজিত ছিলেন। দ্বিতীয় উইকেটে ১৯৬ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন ছিলেন তারা। যা দ্বিতীয় উইকেটে বাংলাদেশের তৃতীয় সেরা জুটি।