সেজান জুস ফ্যাক্টরিতে আগুনের ঘটনায় দোষীদের বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১০ জুলাই ২০২১, ২২:৫৭

রূপগঞ্জে সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় দোষীদের বিচার এবং মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

জেলা বাসদের আহ্বায়ক ইমরান হাবিব রুমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বাসদ সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী এবং ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নেতা অ্যাডভোকেট এ কে আজাদসহ অন্যরা। বক্তারা নারায়ণগঞ্জের রূপগঞ্জে জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মানুষের প্রানহানির ঘটনায় দায়ীদের কঠোর বিচার দাবি করেন। একই সঙ্গে অগ্নিকাণ্ডে নিহত এবং আহতদের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান বক্তারা।