ইত্তেফাক রিপোর্ট
জাতীয় পার্টি (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, করোনাকালে শুধু সিভিল সার্জন ছাড়া ঢাকা জেলার কোনো হাসপাতাল থেকে তথ্য পাবেন না গণমাধ্যম কর্মীরা— এটা গণতান্ত্রিক ব্যবস্থায় বেমানান। করোনার উচ্চ সংক্রণের সময় ঢাকা জেলার সিভিল সার্জন কেন গণমাধ্যমের স্বাভাবিক কর্মকাণ্ডে বাধা সৃষ্টি করতে চান তা খতিয়ে দেখতে হবে। কারণ এমন বিপর্যয়ের সময় গণমাধ্যমকে আড়াল করা স্বাভাবিক ব্যাপার নয়। গতকাল এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, গণমাধ্যমের রিপোর্ট দেখেই প্রতিটি দুঃসময়ে সরকার, প্রশাসন, রাজনৈতিক দল, স্বেচ্ছাসেবক ও সিভিল সোসাইটি এগিয়ে আসে। গণমাধ্যমে সঠিক তথ্য না পাওয়া গেলে অনিয়ম ও দুর্নীতি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। পাশাপাশি গুজব ও ষড়যন্ত্রের ডালপালা বিস্তার লাভ করে। ঢাকা জেলা সিভিল সার্জন কার্যালয়ের ‘তথ্য না দেওয়ায় নির্দেশনা’ দ্রুত প্রত্যাহারের দাবি জানান জাপা চেয়ারম্যান।
