রামু সেনানিবাসের সেনা সদস্যদের প্রত্যন্ত অঞ্চলে মানবিক সহায়তা প্রদান

আপডেট : ১১ জুলাই ২০২১, ০০:০০

দেশব্যাপী করোনা ভাইরাসের বিস্তার রোধকল্পে সরকার গত ১ জুলাই থেকে কঠোর লকডাউন ঘোষণা করেছে। করোনা ভাইরাসের প্রাদুর্ভাব মোকাবিলায় জনগণকে সচেতন রাখার অংশ হিসেবে পর্যটন নগরী কক্সবাজার জেলা ও বৃহত্তর চট্টগ্রাম জেলার বেশ কয়েকটি উপজেলায় বেসামরিক প্রশাসনকে সহযোগিতার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশন তাদের সার্বিক কার্যক্রম অব্যাহত রেখেছে। লকডাউন কার্যকর করার পাশাপাশি সেনাসদস্যরা কর্মহীন  ও দুস্থ মানুষকে খাদ্য সহায়তা প্রদান করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় ৯ জুলাই কক্সবাজার সদর এবং রামু উপজেলার প্রত্যন্ত এলাকায় কর্মহীন ও দরিদ্র ১ হাজার মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিয়েছেন রামু সেনানিবাসের সেনাসদস্যরা। এছাড়াও গতকাল শনিবার চট্টগ্রাম জেলায় ৭৫০ এবং চকোরিয়া উপজেলায় ২৫০ জন দরিদ্র মানুষের কাছে রামু সেনানিবাসের সেনাসদস্যরা চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, লবণসহ নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দেন। স্থানীয় জনগণ সেনাবাহিনীর এ মহতি উদ্যোগের প্রশংসা করেছে। —আইএসপিআর