মুকুল রায়কে পিএসি চেয়ারম্যান করার প্রতিবাদে রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে বিজেপি

আপডেট : ১১ জুলাই ২০২১, ০০:১৪

ইত্তেফাক ডেস্ক

ভারতের পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়া কৃষ্ণনগর উত্তরের বিধায়ক মুকুল রায়কে বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। স্পিকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে রাজ্যপাল জগদীপ ধনকড়ের কাছে অভিযোগ করবে বিজেপির পরিষদীয় দল। আগামী মঙ্গলবার বিজেপি পরিষদীয় দলের পাঁচ জন সদস্যকে নিয়ে রাজভবন যাবেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মৌখিকভাবে রাজ্যপালকে বিষয়টি নিয়ে জানানোর পাশাপাশি একটি লিখিত অভিযোগপত্রও দেওয়া হবে। শুক্রবার অধিবেশন শেষ হওয়ার পরেই স্পিকারের সিদ্ধান্তের বিরুদ্ধে রাজভবন যাওয়ার সিদ্ধান্ত নেন শুভেন্দু।

শুক্রবার অধিবেশন শেষে স্পিকার পিএসির চেয়ারম্যানের নাম ঘোষণা করতেই ওয়াকআউট করেছিলেন বিজেপি বিধায়করা। সাধারণত বিরোধী দল থেকেই পিএসির চেয়ারম্যান নিযুক্ত করা হয়। বিজেপির দাবি ক্ষমতার জোরে সেই রীতি ভঙ্গ করেছে তৃণমূল। বিজেপির কোনো বিধায়ক মুকুল রায়ের নাম প্রস্তাব করেননি। বিজেপি সূত্রের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, পরিষদীয় রাজনীতিতে বিরোধী দলের অধিকারকে কীভাবে শাসকদল খর্ব করছে, এই বিষয়টিই মূলত তুলে ধরা হবে রাজ্যপালের সামনে।

এদিকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী শুক্রবার বিকেলে সাংবাদিক সম্মেলনে জানিয়েছেন বিধানসভার কোনো কমিটিতেই চেয়ারম্যান পদে থাকবেন না তারা। তার দাবি, সংসদীয় রীতি অনুযায়ী পিএসসির চেয়ারম্যান হওয়ার কথা বিরোধী দলের বিধায়কের। সরকারের খরচের হিসাব নেওয়ার অধিকার বিরোধীদের আছে। কিন্তু দেশের সংসদীয় ব্যবস্থার ইতিহাসে প্রথম সেই রীতি ভাঙা হলো।