পাটগ্রাম (লালমনিরহাট) সংবাদদাতা
পাটগ্রাম উপজেলায় অবস্থিত আলোচিত দহগ্রাম তিনবিঘা করিডোর ও চ্যাংড়াবান্ধা সীমান্ত পরিদর্শন করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) মহাপরিচালক রাকেশ আস্থানা। বিএসএফের মহাপরিচালকের সঙ্গে সৌজন্য বৈঠক প্রসঙ্গে বিজিবির রংপুর সেক্টর কমান্ডার কর্নেল ইয়াছির জাহান বলেন, বিএসএফের মহাপরিচালক সীমান্তে হত্যা শূন্যের কোটায় নামিয়ে আনার সর্বাত্মক চেষ্টা করার আশ্বাস দিয়েছেন।
গতকাল শনিবার ভারতের বাগডোগড়া বিমান বন্দর থেকে সড়ক পথে ২টা ৫ মিনিটে তিনবিঘা করিডোরে আসলে তাকে গার্ড অব অনার প্রদান করে ভারতীয় বিএসএফের একটি দল। এরপর তিনি বাংলাদেশিদের চলাচলের রাস্তা তিনবিঘা করিডোর ও সেখানে দায়িত্বরত বিএসএফের সদস্যদের সঙ্গে কথা বলেন।
তার সঙ্গে ভারতের কোচবিহার জেলার বিএসএফের কলকাতা ইস্টার্ন কমান্ডের মহাপরিচালক (ডিজি) পঙ্কজ সিং, মেখলিগঞ্জ থানার শশী ৪৫ বিএসএফ ব্যাটালিয়নের পরিচালক এবং উত্তরবঙ্গ সদর দপ্তরের বিএসএফ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এসময় বিএসএফের মহাপরিচালকের সঙ্গে সৌজন্য সাক্ষাত্ করেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫১ ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার ইয়াছির জাহান ও অধিনায়ক লে. কর্নেল ইসহাক। সাক্ষাত্কালে বিজিবির পক্ষ থেকে তাকে ফুল দিয়ে স্বাগত জানানো হয়। ৪০ মিনিটব্যাপী সৌজন্য সভায় সীমান্তের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয় বলে বিজিবির একটি সূত্র জানিয়েছে।
