ইত্তেফাক রিপোর্ট
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে দেশে ভূমি ও গৃহহীন পরিবারগুলোকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া ঘর নিয়ে যারা দুর্নীতি করেছে তাদের অবিলম্বে আইনের আওতায় এনে বিচার দাবি করছে বিএনপি। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত গরিব ও ভূমিহীনদের ঘর পুনর্নিমাণ করে দেওয়ার দাবি জানানো হয়। গতকাল শনিবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে বিএনপির কেন্দ্রীয় দপ্তরের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এসব কথা বলেন।
‘সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কোথা’—এই প্রবাদ উল্লেখ করে প্রিন্স বলেন, বর্তমান সরকারের আমলে দুর্নীতি, লুটপাট এমন পর্যায়ে পৌঁছেছে যে এই প্রবাদটি বর্তমানে বাংলাদেশের বেলায় প্রযোজ্য। মেগা প্রজেক্ট থেকে শুরু করে গ্রামগঞ্জের ছোট প্রজেক্ট, সব জায়গায় দুর্নীতি আর লুটপাট চলছে। প্রিন্স বলেন, গরিব মানুষের জন্য রাষ্ট্রের সামাজিক নিরাপত্তা বলয়ের বরাদ্দ, যেমন—কাবিখা, কাবিটা, কর্মসৃজন প্রকল্প, বিধবা-দুস্থ-বয়স্ক-প্রতিবন্ধী ভাতা নিয়েও সরকারি দলের লোকেরা দুর্নীতিতে জড়িয়ে পড়েছে। নারায়ণগঞ্জের রূপগঞ্জে সেজান জুস ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডে নিহত ও আহতদের পরিবারকে আজীবন আয়ের সমান ক্ষতিপূরণ ও পুনর্বাসনের দাবি জানান প্রিন্স।
