বিশেষ প্রতিনিধি, যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও নিউ জার্সিতে এক দিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশি নিহত হয়েছেন। এরা হলেন নোয়াখালীর মুন্না বরকত (২২) এবং মৌলভীবাজারের লিপন আহমেদ তালুকদার (৩১)। দ্রুতগামী গাড়ির চাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
স্থানীয় সময় বৃহস্পতিবার রাত ৯টায় নিউ ইয়র্কের ম্যানহাটনে বাইসাইকেলে করে ফুড ডেলিভারির সময় বেপরোয়া একটি প্রাইভেট কার মুন্নাকে চাপা দিয়ে চলে যায়। পুলিশ ম্যানহাটনের ইস্ট হিউস্টন ও ক্লিনটন স্ট্রিট থেকে তার লাশ উদ্ধার করে বেলভিউ হাসপাতালে নিয়ে যায়। ঘাতক গাড়ির চালককে পুলিশ আটক করতে পারেনি। নিউ ইয়র্কের ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড এলাকার বাসিন্দা মুন্না বরকত তিন বছর আগে যুক্তরাষ্ট্রে আসেন। তার গ্রামের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার নবগ্রামে।
এদিকে স্থানীয় সময় বুধবার দুপুর সাড়ে ১২টার দিকে রাস্তা পারাপারের সময় নিউ জার্সির প্রসপেক্ট পার্ক সিটি হলের সামনে গাড়িচাপায় নিহত হন বাইসাইকেলচালক লিপন। স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে কাছের একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত বলে জানান। চার বছর আগে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে ইমিগ্র্যান্ট ভিসায় যুক্তরাষ্ট্রে আসেন লিপন। তার গ্রামের বাড়ি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ৮ নম্বর রাউত্গাঁও ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ভবানীপুরে।
