চলাচলে দুর্ভোগ
চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিয়ে যাওয়া জোয়ারা-পটিয়া সড়ক সংস্কারের অভাবে অধিকাংশ স্থানে বেহাল অবস্থায় রয়েছে। এতে সড়কটি দিয়ে যাতায়াতে চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে পথচারী ও যানবাহন চালকদের। জানা যায়, এ সড়কটি গত বছর সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সংস্কার করে। কিন্তু বছর অতিবাহিত না হতেই সড়কটির অধিকাংশ স্থান থেকে কার্পেটিং উঠে গিয়ে খানাখন্দে পরিণত হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, চন্দনাইশ সদর হাসপাতাল থেকে জোয়ারা মনসার হাট, ফতেনগর এলাকায় খানাখন্দের ফলে স্থানীয় বাসিন্দাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। অথচ সড়কটি মধ্যম জোয়ারা বড়ুয়া পাড়া, ফতেনগর বড়ুয়া পাড়া, জেলে পাড়া এবং মোহাম্মদপুর এলাকাবাসীকে চন্দনাইশ হাসপাতাল, উপজেলা পরিষদ, থানা ও জোয়ারা বিশ্বম্বর চৌধুরী উচ্চ বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ চন্দনাইশ ভোর-বাজারে যাতায়াতের একমাত্র মাধ্যম। সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বে অবহেলার কারণে সংস্কারের বছর না পেরুতেই সড়কটিতে খানাখন্দের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা বলেন। দোহাজারী সড়ক ও জনপথ (সওজ) বিভাগের প্রকৌশলী সুমন সিংহের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘সড়কটির চার কিলোমিটার সংস্কার করা হবে।’
