আন্দোলন করার সামর্থ্য বিএনপির নেই :কাদের

আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ২২:২৭

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘বিএনপি নেতিবাচক রাজনীতির গভীর খাদে পড়ে গেছে। তারা বেসামাল ও বেপরোয়া হয়ে যখন যা খুশি নির্বাচন নিয়ে তাই বলছে। আন্দোলন করার সামর্থ্য বিএনপির নেই।’ গতকাল সোমবার ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে উপজেলা পরিষদ নির্বাচনে দলের মনোনয়ন প্রত্যাশীদের মাঝে আবেদনপত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন শেষে তিনি একথা বলেন।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতারাই শুধু নির্বাচনকে বিতর্কিত করার ব্যর্থ প্রয়াস চালিয়ে যাচ্ছে। সেতুমন্ত্রী বলেন, খালেদা জিয়ার মুক্তি আইনগত বিষয়। আইনগতভাবেই তাকে মুক্ত করতে হবে। বিএনপি বা ঐক্যফ্রন্টের সঙ্গে আলোচনায় বসা প্রসঙ্গে তিনি বলেন, শেখ হাসিনার দরজা কারো জন্য কখনো বন্ধ ছিল না। কেউ নিয়ম-মাফিকভাবে আলোচনা করতে চাইলে পারবেন।

বঙ্গবন্ধু সেতুতে প্রায় ৫ হাজার

কোটি টাকা আদায়

ওবায়দুল কাদের বলেছেন, ১৯৯৮ সালে সমাপ্ত বঙ্গবন্ধু সেতুর নির্মাণ হয় ৩ হাজার ৭৪৫ কোটি ৬০ লাখ টাকা। অন্যদিকে এ পর্যন্ত টোল বাবদ আদায় হয়েছে ৪ হাজার ৯৮৭ কোটি ৪৯ লাখ টাকা। অর্থাত্ বঙ্গবন্ধু সেতু নির্মাণ ব্যয় থেকে ১ হাজার ২৪১ কোটি টাকা বেশি টোল আদায় হয়েছে। গতকাল সোমবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে  সরকারি দলের সংসদ সদস্য মামুনুর রশীদ কিরণের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। ওবায়দুল কাদের বলেন, টোল বাবদ আদায়কৃত অর্থ হতে সেতুর রক্ষাবেক্ষণ ব্যয়সহ সেতু কর্তৃপক্ষের অন্যান্য আনুষঙ্গিক ব্যয় নির্বাহের পর এ সেতু নির্মাণে উন্নয়ন সহযোগী সংস্থাসমূহের ঋণ পরিশোধ করা হয়ে থাকে। তবে বৈদেশিক মুদ্রার বিনিময় হার দ্বিগুণেরও বেশি বেড়ে যাওয়ায় উন্নয়ন সহযোগী সংস্থাসমূহ হতে গৃহীত ঋণ সেতু হতে আদায়কৃত টোলের মাধ্যমে ২০৩৪ সাল নাগাদ পরিশোধ সম্পন্ন হবে।