দশমিনায় রাস্তা পাকাকরণ ও খাল খননের দাবিতে মানববন্ধন

আপডেট : ১১ জুলাই ২০২১, ২১:২৬

দশমিনা (পটুয়াখালী) সংবাদদাতা

দশমিনা উপজেলায় খাল খনন করে জলাবদ্ধতা নিরসন ও চার কিলোমিটার কাঁচা রাস্তা পাকাকরণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। রবিবার বেলা ১১টায় দশমিনা সদর ইউনিয়নের ২ ও ৯ নম্বর ওয়ার্ডের কৃষক ও এলাকাবাসী এ মানববন্ধন করে। দশমিনা ইউনিয়নের রাজ্জাক হওলাদার বাড়িসংলগ্ন ব্রিজ থেকে গোলখালী মত্স্য কেন্দ্র ্স্লুইস বাজার পর্যন্ত তিন কিলোমিটার এবং দক্ষিণ-পূর্ব দশমিনা সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে হিজলতলা পাকা সড়ক পর্যন্ত এক কিলোমিটারসহ কাঁচা সড়ক দুটি পাকাকরণের দাবি জানিয়েছে তারা। বক্তারা ঐ ওয়ার্ডে জলাবদ্ধতার ফলে প্রতি বছর ৫০০ একর ফসলি জমি অনাবাদি থাকার কারণে হিজলতলা খাল খনন করে জলাবদ্ধতা দূরীকরণ ও কাঁচা সড়ক দুটি পাকাকরণের দাবি জানান। মানববন্ধনে বক্তব্য রাখেন, দক্ষিণ-পূর্ব দশমিনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আবদুর রহমান, ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. শাহজাহান প্যাদা প্রমুখ। সড়ক দুটি পাকাকরণের ব্যাপারে এলজিইডির উপজেলা প্রকৌশলী মো. মকবুল হোসেন বলেন, সংসদ সদস্যের নিজস্ব বরাদ্দ থেকে সড়ক দুটি পাকা করার প্রস্তাব করা হয়েছে। পানি উন্নয়ন বোর্ডের পটুয়াখালীর নির্বাহী প্রকৌশলী মো. সালেহ আহমেদ জানান, খালটি সংস্কার করে জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ নেওয়া হবে।