মদনে ভিজিডির পোকা ধরা চাল ফেরত নিল খাদ্যগুদাম

আপডেট : ১১ জুলাই ২০২১, ২১:২৬

মদন (নেত্রকোনা) সংবাদদাতা

মদনে হতদরিদ্রদের বিতরণের ভিজিডির পোকা ধরা ও নিম্নমানের চাল ফেরত নিয়েছেন মদন খাদ্যগুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা রোকসানা বেগম। রবিবার উপজেলার চানগাঁও ইউনিয়ন পরিষদে ১৮০ কার্ডধারী সুবিধাভোগীর মধ্যে বিতরণের সময় চালের প্যাকেটে নিম্নমানের ও পোকা থাকার বিষয়টি ধরা পড়ে। এমন নিম্নমানের চাল নিতে সুবিধাভোগীরা অস্বীকৃতি জানালে ইউপি চেয়ারম্যান এন আলম দ্রুত খাদ্যগুদামে ছুটে যান এবং নিম্নমানের চাল ও পোকা ধরেছে বিষয়টি জানান। ইউপি চেয়ারম্যান এন আলম জানান, নিম্নমানের ও পোকা ধরা ১৮০ বস্তা চাল ফেরত দিয়েছি। এ চাল খাবারযোগ্য নয়। মদন ভারপ্রাপ্ত খাদ্যগুদাম কর্মকর্তা রোকসানা বেগম জানান, ২০২০ সালের পুরাতন চাল এগুলো। এ চাল আরো দুই মাসের ডিও, গুদাম থেকে ইউপি চেয়ারম্যানের কার্যালয়ে চলে গিয়েছিল। চেয়ারম্যান সাহেব বললে চাল ফেরত এনেছি। জেলা খাদ্যগুদাম নিয়ন্ত্রক কর্মকর্তা জাকারিয়া মোস্তফা জানান, পরিচর্যার অভাবে চালগুলো হয়তো নষ্ট হতে পারে। তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।   উপজেলা নির্বাহী কর্মকর্তা বুলবুল আহমেদ জানান, আমি সরজমিনে দেখে সংশ্লিষ্ট দপ্তরে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।