২০ কেজি কষ্টিপাথরের গোমূর্তি উদ্ধার

আপডেট : ১১ জুলাই ২০২১, ২১:২৬

কুড়িগ্রাম প্রতিনিধি ও নাগেশ্বরী সংবাদদাতা

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ২০ কেজি ওজনের কষ্টিপাথরের গোমূর্তি উদ্ধার করা হয়েছে। উপজেলার নেওয়াশি ইউনিয়নের মধ্য সুখাতি বামনটারী গ্রাম থেকে ঐ গোমূর্তিটি উদ্ধার করা হয় বলে রবিবার সকালে মতবিনিময় সভায় জানান কুড়িগ্রামের পুলিশ সুপার সৈয়দা জান্নাত আরা। তিনি বলেন, গত শুক্রবার স্থানীয় কয়েক জন যুবক দেবোত্তর সম্পত্তিতে অবস্থিত ধ্বংসস্তূপ থেকে ইটপাথর সরাতে গিয়ে গোমূর্তিটি পেয়ে তা নিজেদের মধ্যে রেখে দেন। পরে পুলিশ এসে সেটি নিজেদের হেফাজতে নেয়। ২০ কেজি ওজনের গোমূর্তিটি কষ্টিপাথরের বলে ধারণা করা হচ্ছে। এটি ১৩ ইঞ্চি লম্বা ও সাড়ে ৫ ইঞ্চি চওড়া। এটি কষ্টিপাথরের হলে এর এন্টিক মূল্য কয়েক কোটি টাকা হবে বলে ধারণা করা হচ্ছে। গোমূর্তিটি পরে প্রত্নতাত্মিক বিভাগের সঙ্গে আলোচনা সাপেক্ষে বিধিমোতাবেক হস্তান্তর করা হবে।