প্রধানমন্ত্রীর নেতৃত্বে সফলভাবে করোনা মোকাবিলা করা হচ্ছে :মতিয়া

আপডেট : ১১ জুলাই ২০২১, ২১:২৯

ইত্তেফাক রিপোর্ট

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সফলভাবে করোনা  মোকাবিলা করছি। মানুষকে সেবা করা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের শিখিয়ে গেছেন। মানুষের জন্য রাজনীতি করাও একধরনের ইবাদত। পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে উন্নত জীবনে নিয়ে যাওয়ার চেষ্টাও ইবাদত।

গতকাল রবিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষাসামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বেগম মতিয়া চৌধুরী বলেন, সারা বিশ্ব করোনায় আক্রান্ত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা কাজ করছি। তিনি বলেন, একটি দল আছে, যাদের টাকাপয়সা আছে, ওষুধ কোম্পানি আছে। তারা হাত গুটিয়ে থাকেন। তারা ফটোসেশন করেন। আর সরকারকে গালিগালাজ করেন। তারা কখনো মানুষের পাশে দাঁড়িয়েছেন—সেই ইতিহাস নেই। 

অনুষ্ঠানে অক্সিজেন কনসেনট্রেটর, সিলিন্ডার, খাদ্যপণ্যসহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি। আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে ও ত্রাণ ও সমাজকল্যাণ-বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দীর পরিচালনায় অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান,  স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক আবু সাইদ আল মাহমুদ, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।