টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে কিশোর খুন

আপডেট : ১১ জুলাই ২০২১, ২১:৩১

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা

গাজীপুরের টঙ্গীর শিশু উন্নয়ন কেন্দ্রে দুই কিশোরের মারামারিতে সিহাব মিয়া (১৬) নামের এক কিশোর খুন হয়েছে। গত শনিবার রাতে টঙ্গী পূর্ব থানাধীন শিশু উন্নয়ন কেন্দ্র (বালক) শাখায় এই ঘটনা ঘটে। এ ঘটনায় টঙ্গী কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক এহিয়াতুজ্জামান বাদী হয়ে অপর বন্দি কিশোর আলিফ হোসেন রিফাতকে (১৪) আসামি করে টঙ্গী পূর্ব থানায় হত্যা মামলা  করেন।

মৃত সিহাব মিয়া বি.বাড়িয়া জেলার ভাদুঘর ভূঁইয়াপাড়া এলাকার ফারুক মিয়ার ছেলে। সে গত ৫ মে থেকে বি.বাড়িয়া জেলার একটি চুরির মামলায় শিশু উন্নয়ন কেন্দ্রের নিচতলার সেফ হোম ছিল।

শিশু উন্নয়ন কেন্দ্রের কম্পাউন্ডার মো. হেলাল উদ্দিন জানান, শনিবার সন্ধ্যায় নিচতলার সেফ হোমের দুই নম্বর রুমে মারামারির ঘটনা শুনতে পাই। এসময় ভেতরের কয়েদিরা শিশু সিহাবের অজ্ঞান হওয়ার খবর দিলে তাকে  উদ্ধার করে দ্রুত টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। টঙ্গী পূর্ব থানার অফিসার ইনচার্জ মো. জাবেদ মাসুদ বলেন, এ ঘটনায় হত্যা মামলা করা হয়েছে।