করোনা সংকটে দলমত নির্বিশেষে সবারই পাশে দাঁড়ানো উচিত :কাদের

আপডেট : ১১ জুলাই ২০২১, ২২:১৬

করোনা মহামারিতে দলমত নির্বিশেষে সবাইকে মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘মানুষ যদি না থাকে তাহলে সংগঠন দিয়ে কী হবে! মন্ত্রী গতকাল রবিবার সকালে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটি আয়োজিত করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ অনুষ্ঠানে এ কথা বলেন।

তিনি তার বাসভবন থেকে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন। তিনি বলেন, বিরোধী দল সমালোচনা করলেও তারা মানুষের পাশে দাঁড়াচ্ছে না। আওয়ামী লীগ ছাড়া কোনো রাজনৈতিক দল মানুষের পাশে নেই। বাংলাদেশ আওয়ামী লীগই একমাত্র রাজনৈতিক দল, যারা রাজধানী থেকে গ্রাম পর্যন্ত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে। তিনি বলেন, দেশে অক্সিজেনের কোনো সংকট নেই। করোনা ভ্যাকসিনেরও কোনো সংকট হবে না। সবচেয়ে বড় সমস্যা মানুষের অসচেতনতা। গ্রাম-শহর কোথাও সতর্কতা নেই । অমনোযোগী ও অসাবধানতার জন্য করোনা সংক্রমণ বাড়ছে। ওবায়দুল কাদের অনুরোধ জানিয়ে বলেন, নিজের সুরক্ষার জন্য হলেও সঠিকভাব ও শতভাগ মাস্ক পরিধান নিশ্চিত করতে হবে।

‘রূপগঞ্জের ঘটনায় আওয়ামী লীগ দায়ী’, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুল হয়তো কোনো একসময় বলবেন বজ্রপাতে কেউ মারা গেলে তার জন্যও আওয়ামী লীগ দায়ী!

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধু এভিনিউয়ে আরো বক্তব্য রাখেন দলের প্রেসিডিয়াম সদস্য আবদুর রহমান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন প্রমুখ।