সাংবাদিক তানুর জামিন মঞ্জুর

আপডেট : ১১ জুলাই ২০২১, ২২:১৭

ঠাকুরগাঁও সদর হাসপাতালে করোনায় আক্রান্ত রোগীদের খাবার পরিবেশনে অনিয়মের সংবাদ প্রকাশ করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় গ্রেফতার ইত্তেফাক ও জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমের জেলা প্রতিনিধি তানভীর হাসান তানুর জামিন মঞ্জুর করেছে আদালত। গতকাল রবিবার দুপুর ২টা ৫৫ মিনিটে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় তানুকে। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) ডালিম কুমার রায় তার পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন। পরে বিচারক শুনানি শেষে ৫ হাজার টাকা মুচলেকায় তার জামিন মঞ্জুর করেন। বিষয়টি নিশ্চিত করেছেন সাংবাদিক তানুর পক্ষে আইনজীবী অ্যাডভোকেট আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইমরান।

জানা যায়, গত ৫ ও ৬ জুলাই ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালের করোনা ওয়ার্ডের খাবার নিয়ে জাগোনিউজ টোয়েন্টিফোর ডটকমে তানভীর হাসান তানুর একটি প্রতিবেদন প্রকাশিত হয়। একই বিষয়ে সংবাদ প্রকাশ করে নিউজবাংলা টোয়েন্টিফোর ডটকম ও বাংলাদেশ প্রতিদিনও। এ সংবাদ প্রচারের পর সংবাদটি ‘মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও মানহানিকর’ দাবি করে ৯ জুলাই হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. নাদিরুল আজিজ বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে সাংবাদিক তানভির হাসান তানু, নিউজবাংলার রহিম শুভ ও বাংলাদেশ প্রতিদিনের আব্দুল লতিফ লিটু এবং অজ্ঞাত কয়েক জনের বিরুদ্ধে মামলা করেন। শনিবার রাত সাড়ে ৮টার দিকে মামলার খোঁজখবর নিতে থানায় গেলে তানুকে গ্রেফতার করা হয়। রাত ১টার দিকে তার শ্বাসকষ্ট দেখা দেয়। পরে তাকে হাসপাতালে পাঠানো হয় বলে জানান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম। 

সাংবাদিক তানুর পরিবার সূত্রে জানা যায়, গত ৫ তারিখেই তিনি করোনা থেকে সুস্থ হন। তবে এখনো তিনি শারীরিক অসুস্থতা অনুভব করছেন। তাকে নিয়মিত ওষুধ খাওয়ানো হচ্ছে। এদিকে তানুকে গ্রেফতারের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তার মুক্তি দাবিতে এবং মিথ্যা মামলা প্রত্যাহার চেয়ে জেলা প্রেসক্লাব চত্বরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেন সাংবাদিকরা।