প্রধানমন্ত্রীকে আনারস উপহার পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

আপডেট : ১১ জুলাই ২০২১, ২২:২৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপহার হিসেবে পাঠানো আম পেয়ে আপ্লুত ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এবার বাংলাদেশের সরকারপ্রধানের জন্য উপহার হিসেবে পাঠিয়েছেন ৮০০ কেজি আনারস। গতকাল রবিবার সকাল সোয়া ৯টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে উপহারের এই আনারস গ্রহণ করেন চট্টগ্রামে ভারতের সহকারী হাইকমিশন দপ্তরের দ্বিতীয় সচিব উদত ঝা।

আখাউড়া স্থলবন্দরের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, ত্রিপুরার মুখ্যমন্ত্রীর প্রতিনিধিদল আখাউড়া স্থলবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে আনারসগুলো নিয়ে আসেন। ৮০টি কার্টনে মোট ৮০০ কেজি আনারস উদত ঝার হাতে তুলে দেওয়া হয়। ভারতীয় হাইকমিশন এ উপহার প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেবে।

উদত ঝা সাংবাদিকদের বলেন, ভারত ও বাংলাদেশর সম্পর্ক দিন দিন আরো মজবুত হচ্ছে। এই উপহার আদান-প্রদান দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কেরই নিদর্শন। আশা করছি উপহারগুলো আজই ঢাকায় পৌঁছে যাবে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হবে।

এর আগে গত ৫ জুলাই আখাউড়া স্থলবন্দর দিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের জন্য উপহার হিসেবে ৩০০ কেজি হাঁড়িভাঙ্গা আম পাঠান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগরতলার বাংলাদেশ মিশনের মাধ্যমে ত্রিপুরার মুখ্যমন্ত্রীকে সেই উপহার পৌঁছে দেওয়া হয়। আম পাওয়ার পরদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান বিপ্লব কুমার দেব।