বাংলাদেশের ১৫তম টেস্ট জয়

আপডেট : ১১ জুলাই ২০২১, ২২:২৪

ম্যাচের প্রথম দিনের সকালটা ভড়কে দিয়েছিল। বাংলাদেশের ব্যাটিং লাইন কাঁপিয়ে দিয়েছিলেন জিম্বাবুয়ের পেসাররা। সেই ধাক্কা কাটিয়ে ওঠার পর ম্যাচের পুরোটা সময় প্রত্যাশিতভাবে নিয়ন্ত্রণ করেছে বাংলাদেশ দল। চাপের মুখে আত্মসমর্পণ করেছে জিম্বাবুয়ে। ব্যাটে-বলে সম্মিলিত পারফরম্যান্সে গতকাল চা বিরতির আগে জয় তুলে নিয়েছে টাইগাররা।

জিম্বাবুয়েকে ২২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে বাংলাদেশ। দাপুটে জয়ে এক ম্যাচের সিরিজটাও ১-০-তে জিতে নিল মুমিনুল হকের দল। টেস্ট ক্রিকেটে টাইগারদের এটি ১৫তম জয়। জিম্বাবুয়ের বিরুদ্ধে অষ্টম জয়। মুমিনুলের নেতৃত্বে দেশের বাইরে এলো প্রথম জয়। সাদা পোশাকে ১৪তম জয়টা ছিল জিম্বাবুয়ের বিপক্ষেই, ২০২০ সালে মিরপুর স্টেডিয়ামে।

বাংলাদেশের ৪৬৮ রানের জবাবে প্রথম ইনিংসে জিম্বাবুয়ে করেছিল ২৭৬ রান। ১ উইকেটে ২৮৪ রান তুলে দ্বিতীয় ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৪৭৭ রানের টার্গেটে খেলতে নেমে গতকাল ২৫৬ রানে অলআউট হয় স্বাগতিকরা। সেঞ্চুরি দিয়ে নিজের বিদায়ি টেস্ট রাঙিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। প্রথম ইনিংসে অপরাজিত ১৫০ রান করে ম্যাচ সেরার পুরস্কার পান তিনি।   

গতকাল শেষ ৭ উইকেটে ১১৬ রান যোগ করতে সমর্থ হয়েছে জিম্বাবুয়ে। দিনের প্রথম ঘণ্টার পর ডিয়ন মায়ার্সকে ফিরিয়ে ব্রেক থ্রু এনে দেন মিরাজ। তিনি ২৬ রান করেন। ২ বল পরই মারুমাকে (০) এলবির ফাঁদে ফেলেন এ অফস্পিনার। তারপর তাসকিনের জোড়া শিকারে কাইয়া (০) ও চাকাভা (১) সাজঘরে ফিরেন। লাঞ্চের আগেই ৭ উইকেট হারিয়ে ফেলে জিম্বাবুয়ে।

নাইট ওয়াচম্যান ডোনাল্ড তিরিপানো গতকাল বেশ ভুগিয়েছেন বাংলাদেশকে। নাউচিকে নিয়ে তার ৩৪ রানের জুটি ভাঙেন তাসকিন। নাউচি (১০) স্লিপে ক্যাচ দেন। সেই তিরিপানো অবশ্য ভুল সিদ্ধান্তে ফিরেছেন। এবাদতের বলে কট বিহাইন্ডের আবেদনে সাড়া দেন আম্পায়ার। কিন্তু রিপ্লেতে দেখা গেছে বলটি তার ব্যাটে স্পর্শ করেনি। তিরিপানো ১৪৪ বলে ৫২ রান করেছেন। এনগারাবাকে বোল্ড করে বাংলাদেশের জয় নিশ্চিত করেন মিরাজ। এনাগারাবা ১০, মুজারাবানি অপরাজিত ৩০ রান করেন।

বাংলাদেশের মিরাজ ৬৬ রানে চারটি, তাসকিন ৮২ রানে চারটি, সাকিব-এবাদত একটি করে উইকেট নেন। দুই ইনিংসে ১৪৮ রানে ৯ উইকেট নিয়েছেন মিরাজ। দেশের বাইরে যা বাংলাদেশি কোনো বোলারের সেরা বোলিং। এর আগে সর্বোচ্চ ১৫৫ রানে ৯ উইকেট ছিল পেসার রবিউল ইসলাম শিবলুর, সেটাও জিম্বাবুয়ের মাটিতেই ২০১৩ সালে।

উল্লেখ্য, টেস্টের পর জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি করে ওয়ানডে, টি-২০ খেলবে বাংলাদেশ দল।

প্রধানমন্ত্রীর অভিনন্দন

হারারেতে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের একমাত্র টেস্টে বাংলাদেশের দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়, কোচ, ম্যানেজারসহ সংশ্লিষ্ট সবাইকে প্রাণঢালা অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল রবিবার প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জিম্বাবুয়ে সফরের একমাত্র টেস্টের পঞ্চম দিনে স্বাগতিক দল জিম্বাবুয়ে প্রতিরোধ করার চেষ্টা করলেও ২২০ রানের বড় জয় নিয়েই মাঠ ছেড়েছে বাংলাদেশ।