সরকারি কর্মকর্তাদের ৫০ শতাংশ বেতন বৃদ্ধি করলেন আসাদ

আপডেট : ১১ জুলাই ২০২১, ২৩:৫২

সিরিয়ায় এবার সরকারি কর্মকর্তা ও সেনা সদস্যদের জন্য ৫০ শতাংশ বেতন বৃদ্ধি করার সিদ্ধান্ত নিয়েছেন প্রেসিডেন্ট বাশার আল আসাদ। চলমান অর্থনৈতিক সঙ্কটের মধ্যেই রবিবার (১১ জুলাই) এক ডিক্রি জারির মাধ্যমে এ আদেশ দেন তিনি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে শিনহুয়া।

বহুদিন ধরে গৃহযুদ্ধের ফলে অর্থনৈতিক সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে সিরিয়া। দেশটিতে রুটির দাম দ্বিগুণ বৃদ্ধির একদিন পরেই এমন সিদ্ধান্ত নিলেন প্রেসিডেন্ট আসাদ। চলমান অর্থনৈতিক সঙ্কট সমাধানে বহুবার নিত্যপণ্যের দাম বৃদ্ধিতেও সমাধানের পথ খুঁজে পাননি তিনি।

Syria to raise army salaries to fight 'economic migration' | Middle East Eye

জানা যায়, সিরিয়ার প্রধান খাদ্য রুটির দাম বাড়ার পাশাপাশি সম্প্রতি বৃদ্ধি পেয়েছে জ্বালানি তেলের দাম। ডিজেলের দাম বেড়েছে ১৮০ শতাংশ। এক দশক ধরে নিম্নমুখী অবস্থায় রয়েছে অর্থনীতি। কারণ হিসেবে দেখা হচ্ছে দেশটিতে বহুদিন ধরে চলা গৃহযুদ্ধ, পশ্চিমাদের অর্থনৈতিক নিষেধাজ্ঞা, ব্যাপক লুটপাট ও দুর্নীতি।

এছাড়া সিরিয়ার পার্শ্ববর্তী দেশ লেবাননে অর্থনৈতিক সংকটের প্রভাবও পড়েছে দেশটির ওপর। সবশেষ সিরিয়ায় সরকারি কর্মচারিদের বেতন বৃদ্ধি হয়েছে ২০১৯ সালে।

জাতিসংঘের এক হিসাব অনুযায়ী, সিরিয়ার প্রায় ৮০ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করছে। খাদ্য সংকটের মধ্যে রয়েছে ৬০ শতাংশের বেশি মানুষ। সিরিয়ার ইতিহাসে সবচেয়ে ভয়াবহ সঙ্কট চলছে এখন।

ইত্তেফাক/টিআর