বিআইজিডি ও এসডিপির সমীক্ষা

করোনার প্রভাবে কর্মজীবী তরুণীদের এক-তৃতীয়াংশ বেকার হয়ে পড়েছেন

আপডেট : ১২ জুলাই ২০২১, ০০:৩৫

কোভিড-১৯-এর প্রভাবে কর্মজীবী তরুণীদের এক-তৃতীয়াংশ বেকার হয়ে পড়েছেন বলে এক সমীক্ষায় প্রকাশ করেছে ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট (বিআইজিডি)। সমীক্ষায় দেখা যায়, দেশে বহু নারী চাকরি হারিয়েছেন, অন্য চাকরি খুঁজে পেতে খুব কঠিন সময় পার করছেন তারা। তাদের আয়ের পথও খুব ধীরে উন্মুক্ত হচ্ছে। দেশে মহামারির আগে আয়মূলক কাজে নিযুক্ত তরুণীদের এক-তৃতীয়াংশ (২৯ শতাংশ) চলতি বছরের জানুয়ারির মধ্যেই চাকরি হারিয়েছেন। এই হার কাজ হারানো তরুণদের (১১ শতাংশ) তুলনায় প্রায় তিনগুণ বেশি। যে তরুণীরা পুনরায় উপার্জনের ব্যবস্থা করতে পেরেছেন, তাদের আয় মহামারির আগের আয়ের থেকে ২১ শতাংশ কমে গেছে। অন্যদিকে, কাজ হারানো তরুণদের মধ্যে যারা নতুন করে কাজে যুক্ত হয়েছেন, তাদের আয় আগের চেয়ে ১০ শতাংশ কমে গেছে। অর্থাত্ তরুণদের তুলনায় তরুণীদের আয় পুনরুদ্ধারের হার বেশ কম।

গতকাল রবিবার এক ওয়েবিনারে সমীক্ষার ফলাফল উপস্থাপন করেছেন বিআইজিডির নির্বাহী পরিচালক ড. ইমরান মতিন। বিআইজিডি ও ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচি (এসডিপি) বিশ্ব যুব দক্ষতা দিবস উদ্যাপনের অংশ হিসেবে এই আয়োজন করে।

ব্র্যাক এসডিপির অপারেশন প্রধান জয়দীপ সিনহা রায় অনুষ্ঠানে কয়েক বছরের এসডিপির কার্যক্রম বাস্তবায়নের অভিজ্ঞতা উপস্থাপন করেন। জরিপের ফলাফল তুলে ধরে ড. মতিন বলেন, দীর্ঘ সময় বেতনহীন থেকে অনেক শ্রমজীবী ??নারী স্থায়ীভাবে চাকরি ছাড়তে বাধ্য হতে পারেন, যা শ্রমবাজারে নারীদের অংশগ্রহণের স্বল্প হারকে আরো কমাতে পারে। সংশোধনমূলক ব্যবস্থা না নিলে এই কোভিডের আঘাত নারীর ক্ষমতায়নের অনেক অগ্রগতিকে ক্ষতিগ্রস্ত করতে পারে।