আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আবারও পাহাড়ে রক্ত ঝরল। রাঙ্গামাটির কাপ্তাইয়ের রাইখালীর কারিগর পাড়ায় দুর্বৃত্তের গুলিতে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন— জনসংহতি সমিতির (জেএসএস-সংস্কার গ্রুপ) কর্মী মংসিনু মারমা ও তার বন্ধু ছাত্রলীগ কর্মী জাহিদ। গতকাল সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।জানা গেছে, জনসংহতি সমিতি সংস্কার গ্রুপের কর্মী মংসিনু মারমা ও তার বন্ধু ছাত্রলীগ কর্মী জাহিদ দোকানে বসে চা খাচ্ছিল। এ সময় মুখোশ পরিহিত দুর্বৃত্তরা তাদের ওপর গুলিবর্ষণ করে। মংসিনু মারমা গুলিবিদ্ধ অবস্থায় দৌড়ে পালানোর চেষ্টা করে। তখন তাকে লক্ষ্য করে আবারও গুলিবর্ষণ করে দুর্বৃত্তরা। সন্ত্রাসীরা প্রায় ১৫ থেকে ২০ রাউন্ড গুলি ছোড়ে এলাকায় ত্রাসের সৃষ্টি করে। ঘটনাস্থলেই মংসিনু ও জাহিদের মৃত্যু ঘটে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এ হত্যার ঘটনা ঘটতে পারে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহত দুইজনের লাশ উদ্ধার করেছে। শেষ খবর পাওয়া পর্যন্ত কারিগরপাড়া বাজারের সব কয়টি দোকান বন্ধ রয়েছে। পুলিশ, সেনাবাহিনী ও পুলিশি টহল জোরদার করা হয়েছে।
জানা গেছে, জনসংহতি সমিতি সংস্কার গ্রুপের কর্মী মংসিনু মারমা একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে জেএসএস মূল দল থেকে সংস্কার গ্রুপে যোগ দেয়। এরপর থেকে জেএসএস সংস্কার গ্রুপের পক্ষে মংসিনু বিভিন্ন কার্যক্রম চালাতে দেখা গেছে।
