ভারতের কলকাতার টালিগঞ্জের কাছে হরিদেবপুর থেকে জেএমবি জঙ্গি সন্দেহে তিন জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বাড়ি বাংলাদেশে। ধৃতদের নাম—নজিউর রহমান, সাবির ও রবিউল। গত শনিবার রাতে তাদের গ্রেফতার করা হয়েছে। কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের অফিসার ভি সলমন নেসাকুমার জানিয়েছেন, ?আত্মীয় অসুস্থ, কলকাতার হাসপাতালে ভর্তি রয়েছে এই কারণ দেখিয়ে তারা ঘর ভাড়া নিয়েছিল। কলকাতায় থেকে এরা স্লিপার সেলের কাজ করছিল।
এসটিএফ সূত্রে খবর, পশ্চিমবঙ্গের খাগড়াগড় কাণ্ডের পর জেএমবি’?র বহু সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এদেরও খাগড়াগড় কাণ্ডের সঙ্গে যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, তারা পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে কিছুদিন ছিল। তারপর কলকাতায় আসে। তারা সম্ভবত প্রশিক্ষণ দেওয়ার পাশাপাশি জেএমবির হয়ে টাকা তোলার কাজ করত। এদের কাছ থেকে কয়েকটি মোবাইল, ডায়ারি এবং আরো কিছু আপত্তিকর কাগজপত্র পাওয়া গেছে। ডায়ারিতে বাংলাদেশের বেশ কিছু ফোন নম্বর রয়েছে। কলকাতা পুলিশের সন্দেহ, পশ্চিমবঙ্গের কয়েক জায়গায় স্লিপার সেল তৈরির কাজ করছিল। মালদা, মুর্শিদাবাদেও তারা গিয়েছিল বলে পুলিশ জানতে পারে।
