ঝালকাঠির নলছিটিতে এক কলেজ ছাত্রীকে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার দুপুর আড়াইটার দিকে উপজেলার বারইকরণ কাপুড়িয়া বাড়ির সামনের সড়কে এ ঘটনা ঘটে। নিহত বেনজির জাহান মুক্তা (১৯) ঝালকাঠি সরকারি মহিলা কলেজের বিএ প্রথম বর্ষের ছাত্রী। তিনি বারইকরণ গ্রামের অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর হাওলাদারের মেয়ে। পুলিশ ও নিহতের স্বজনরা জানান, দুপুরে কলেজ থেকে বাড়ি ফিরে আসে মুক্তা। তার মোবাইল ফোনে একটি কল আসলে তিনি বাড়ির বাইরে যান। এরপর দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নেওয়ার পথে কলেজ খেয়াঘাট এলাকায় তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মুক্তার মোবাইল ফোনটি ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়।
নলছিটি থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, নিহতের গলায়, হাতে এবং শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
