সাধারণত শ্রমিক বলতে বোঝায় যারা কোনো কিছুর বিনিময়ে কাজ করেন। শ্রম আইন ২০০৬ ধারা ২ উপধারা ৬৫-তে বলা আছে, শ্রমিক হচ্ছে সেই সব দক্ষ কিংবা অদক্ষ ব্যক্তি, যারা কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য কাজ করে চুক্তি বা চুক্তি ছাড়া অর্থ বা কোনো কিছুর বিনিময়ে। শ্রমিক আইন শ্রমিকদের কিছু সুযোগসুবিধা দিলেও বর্তমান সময়ে তারা সবচেয়ে বেশি নিগৃহীত। এমন অনেক শ্রমিক রয়েছেন, যারা তাদের অধিকার এবং আইন সম্পর্কে জানেন না। শ্রমিকদের মধ্যে সবচেয়ে বেশি নিগৃহের শিকার হন বদলি শ্রমিকরা। ধারণা করা হয়, বদলি শ্রমিক শব্দটি পাটকলে প্রথম ব্যবহূত হয়। বদলি শ্রমিক বলতে সাধারণত বোঝায় যারা অন্যের বদলে কাজ করেন। শ্রমিক আইন ২০০৬ ধারা ৪ অনুযায়ী বদলি শ্রমিক হচ্ছে সেই সব শ্রমিক, যারা স্থায়ী শ্রমিক বা শিক্ষানবিশের সাময়িক অনুপস্থিততে কাজ করে।
যে কোনো কাজের জন্য বদলি শ্রমিক খুবই গুরুত্বপূর্ণ। কারণ, অনেক সময় কাজ বন্ধ হয়ে যেতে পারে কোনো স্থায়ী শ্রমিকের অনুপস্থিতিতে। কিন্তু বদলি শ্রমিক সেই কাজটি করছেন ফলে কারখানা সচল থাকে। কিন্তু শ্রমিক আইনে সবচেয়ে কম সুবিধা বদলি শ্রমিকদের দেওয়া হয়েছে। স্থায়ী শ্রমিকরা যেসব সুযোগ-সুবিধা পান বদলি শ্রমিকরা তা পান না। ধারা ৬ অনুযায়ী অন্য শ্রমিকরা সার্ভিস বহি পেলেও বদলি শ্রমিকরা পান না। ধারা ১২ অনুযায়ী কাজ বন্ধ রাখা হলে কোনো বিশেষ কারণে অন্য শ্রমিকরা বেতন পেলেও বদলি শ্রমিক কোনো টাকা পান না। বদলি শ্রমিকদের যে কোনো সময় কাজ থেকে বাদ দেওয়া যায়; যা নিয়ে শ্রমিক আইনে কিছু বলা নেই। অনেক সময় দেখা যায়, বছরের পর বছর কাজ করে যায় বদলি শ্রমিক হিসেবে কিন্তু তাদের বিনা কারণে বাদ দিলে তখন কোনো উপায়ান্তর থাকে না বা নতুন করে অন্য কোনো কাজ করার ক্ষমতা থাকে না। কর্মস্থলে মৃত্যু ঘটলে কোনো অর্থ পান না বদলি শ্রমিকরা।
বাংলাদেশে বদলি শ্রমিকদের অবস্থা খুবই করুণ। বিভিন্ন কলকারখানায় ১০ থেকে ২০ বছর কাজ করার পর দেখা যাচ্ছে হঠাত্ তাদের বিনা নোটিশে বাদ দিয়ে দিচ্ছে। বর্তমান করোনাকালে স্থায়ী শ্রমিকরা বেতন পেলেও বদলি শ্রমিকরা কোনো বেতন ভাতা পাচ্ছেন না। এর ফলে তারা মানবেতর জীবনযাপন করছেন। ঈদ ও পহেলা বৈশাখের ভাতাও পাচ্ছেন না বদলি শ্রমিকরা। বদলি শ্রমিকরা স্থায়ী শ্রমিকদের মতো কাজ করলেও তারা ঠিকভাবে তাদের কাজের মূল্যায়ন পাচ্ছেন না। জীবনের গুরুত্বপূর্ণ সময় যাদের জন্য কাজ করছেন একসময় তাদের কাছেই হচ্ছেন নিগৃহীত। শ্রমিক আইন বদলি শ্রমিকদের সুরক্ষা না দিলেও বাংলাদেশে অনেক মানুষ বদলি শ্রমিক হিসেবে কাজ করছেন। কারণ, বাংলাদেশের অর্থনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অনেক মানুষ বেকার। কাজের অভাবে তারা বদলি শ্রমিক হিসেবে কাজ করছেন। অনেক সময় শ্রমিকরা নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য বিভিন্ন আন্দোলন করে থাকেন। এর ফলে নানা বিশৃঙ্খলার সৃষ্টি হয় ও প্রাণহানির মতো ঘটনা ঘটে। পত্রপত্রিকায় বিভিন্ন সময় এমন হূদয়বিদারক সংবাদ চোখে পড়ে। বদলি শ্রমিকদের অধিকার রক্ষা করা প্রয়োজন স্থায়ী শ্রমিকদের মতো। এতে করে এরূপ বিশৃঙ্খল ঘটনা কিছুটা হলেও হ্রাস পাবে। সরকারি পদক্ষেপ গ্রহণ করা উচিত বদলি শ্রমিকদের অধিকার রক্ষায়।
n লেখক :শিক্ষার্থী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়
