আমরা এখন আধুনিক সমাজে বসবাস করছি। যে দেশ যত বেশি উন্নত, সে দেশ ঠিক ততই বেশি আধুনিক। আর এই আধুনিক হওয়ার মূল মাধ্যম হচ্ছে প্রযুক্তি। প্রযুক্তি ছাড়া আধুনিক জীবনের কথা কল্পনা করাটা অসম্ভব। প্রযুক্তির সঠিক ব্যবহারে জাতি যেমন সর্বোচ্চ উত্কর্ষ সাধন করতে পারে, তেমনি প্রযুক্তির অপব্যবহারে একটি জাতির ধ্বংসের কারণও হতে পারে। কিন্তু এই প্রযুক্তির ব্যবহার একদিক থেকে যতটা উপকারী, ঠিক এটার অপব্যবহারও ততটাই ক্ষতিকর। প্রযুক্তির অপব্যবহার করে একদল অসাধু লোক সমাজের বিভিন্ন পর্যায়ের মানুষকে বিপদগ্রস্ত করছে। তারা শুধু মানুষের ক্ষতি করেই ক্ষান্ত নয়, বরং তারা সুযোগ পেলে রাষ্ট্রীয় পর্যায়েও ক্ষতি সাধন করে। তাই রাষ্ট্রকে এবং রাষ্ট্রের মানুষকে এসব কুচক্রীর হাত থেকে রক্ষা করা সময়ের দাবি। সেজন্য যত তাড়াতাড়ি সম্ভব আমাদের জাতীয় পর্যায়ে সবাইকে আরো সোচ্চার ও সাবধান হতে হবে এবং সবাইকে এ ব্যাপারে সচেতন করতে হবে। পাশাপাশি নিরাপত্তা বেষ্টনী আরো কঠোর করতে হবে, যাতে করে এসব কুচক্রীকে আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা যায়।
মো. রায়হান, শিক্ষার্থী, ঢাকা কলেজ, ঢাকা
