জুরাইন কবরস্থানের বেহাল অবস্থা

আপডেট : ১২ জুলাই ২০২১, ০০:৪১

দীর্ঘ ৩ বছর যাবত্ পুরান ঢাকার জুরাইন কবরস্থানের বেহাল অবস্থা। সামান্য বৃষ্টি হলে কবরস্থানের চারদিকে জলাবদ্ধতার কারনে  লাশ নিয়ে প্রবেশ করা কঠিন হয়ে পরে। ধীরগতির কাজ এবং  তদারকির কেউ না থাকার কারনে কবরস্থানের উন্নয়ন কাজ থমকে আছে। ঠিকাদারী প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের পরও বছরের পর বছর সময় বাড়িয়ে কাজ শেষ করছে  না। ইতিমধ্যে কবরস্থানের উন্নয়নের সিংহভাগ টাকা ঠিকাদারের পকেটে চলে গেছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্টরা বলছেন আগের কার্যাদেশ অনুযায়ী জুরাইন কবরস্থান সংস্কারে প্রায়  ২৫/৩০ কোটি টাকা বরাদ্দ থাকা সত্ত্বেও নির্ধারিত সময়ে কাজ শেষ না হওয়া ও কাজের পরিধি দিন দিন বাড়ায় এ সমস্যা হচ্ছে। এ অবস্থায় বিগত তিন বছর ধরে কবরস্থানের অবকাঠামো উন্নয়নের নামে যে খোঁড়াখুঁড়ি চলছে তাতে এলাকাবাসী ক্ষুদ্ধ। নিম্নমানের প্রাচীর প্রমাণ করে জুরাইন কবরস্থানের কি বেহাল চিত্র। বর্তমানে বর্ষা মৌসুমে কবরস্থানে প্রবেশ ও বের হওয়া বিপজ্জনক। যথাসময়ে জুরাইন কবরস্থানের সংস্কার কাজ শেষ না করা দুঃখজনক এবং অমানবিক। তিন বছর ধরে খোঁড়াখুঁড়ি চলায় চরম হতাশা প্রকাশ করছে লাশ দাফন করতে আসা নগরবাসী। অবিলম্বে জুরাইন কবরস্থানের অবকাঠামো উন্নয়নে দীর্ঘসূত্রিতার বিষয়টি তদন্ত করে দ্রত কাজ শেষ করার ব্যাপারে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

মাহবুবউদ্দিন চৌধুরী

ফরিদাবাদ-গেন্ডারিয়া, নারায়ণগঞ্জ