মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
বেসরকারি পর্যায়ে করোনায় আক্রান্ত রোগীদের বিনা মূল্যে চিকিত্সাসেবা দিচ্ছে দানবীর রণদা প্রসাদ সাহা প্রতিষ্ঠিত মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল। কুমুদিনী পরিবার ও হাসপাতাল কর্তৃপক্ষের এমন মানবিকতায় বিনা মূল্যে চিকিত্সাসেবা পেয়ে উপকৃত হচ্ছেন বিভিন্ন এলাকার শত শত করোনা রোগী ও তাদের স্বজনরা।
কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের চেয়ারম্যান (ব্যবস্থাপনা পরিচালক) রাজিব প্রসাদ সাহা, পরিচালক (শিক্ষা) প্রতিভা মুত্সুদ্দি, পরিচালক মতি সাহা ও পরিচালক সম্পা সাহার তত্ত্বাবধানে হাসপাতালটিতে ৪০ শয্যার করোনা ইউনিট চালু করা হয়েছে। এখানকার আইসোলেশন, সাধারণ ওয়ার্ড ও আইসিইউতে ভর্তি করোনা রোগীরা বিনা মূল্যে অত্যাধুনিক মানের চিকিত্সাসেবা পাচ্ছেন। এছাড়া রোগীদের অক্সিজেন, নেবুলাইজার ও গ্যাস সরবরাহ করা হচ্ছে।
হাসপাতালের সহকারী পরিচালক ও কো পেডিয়াডিক, এমপিএইচ (নিপসম) ড. এ বি এম আলী আহসান জানান, ১ হাজার ৫০ বেডের আধুনিক এ হাসপাতালের বহির্বিভাগে প্রতিদিন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার রোগী চিকিত্সাসেবা পান। ভর্তি থেকে সেবা পাচ্ছেন ৭০০-৮০০ রোগী। অল্প খরচে বিনা মূল্যে থাকা-খাওয়াসহ আধুনিক পরীক্ষা-নিরীক্ষার সুব্যবস্থা রয়েছে। এছাড়া এখানে গ্রামীণ স্বাস্থ্যসেবার আওতায় ধাত্রী বিদ্যা, পরিবার-পরিকল্পনা, ফিস্টুলা এবং স্বাস্থ্য বিধান সম্পর্কিত সেবা প্রদান করা হয়। করোনা ভাইরাস সংক্রমণের মধ্যেও হাসপাতালের ডাক্তার, নার্সসহ কর্মকর্তা-কর্মচারীগণ নিয়মত চিকিত্সাসেবা দিয়ে যাচ্ছেন। করোনা সংক্রমণের ফলে প্রত্যন্ত এলাকার সাধারণ রোগীরা হাসপাতালে আসতে ভয় পাওয়ায় কর্তৃপক্ষ টেলিমেডিসিন কমিউনিটি স্বাস্থ্যসেবা চালু করেছে।
চিকিত্সক, নার্স, মেট্রন ও প্রিন্সিপালসহ কুমুদিনী পরিবারের সদস্যগণ নিরলসভাবে এসব রোগীর চিকিত্সাসেবা প্রদান করে যাচ্ছেন।
