গাজীপুর প্রতিনিধি
গাজীপুর মহানগরীতে করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অ্যাম্বুলেন্স ও অক্সিজেন সেবা কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুরে গাজীপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মহানগর যুবলীগ নেতা মো. হিরা সরকারের উদ্যোগে নগরীর চান্দনা হাইস্কুল মাঠে এ সার্ভিসের উদ্বোধন করা হয়। যুবলীগ নেতা হিরা সরকার জানান, যুবলীগের চেয়ারম্যান ও সাধারণ সম্পাদকের নির্দেশে গাজীপুর মহানগরী এলাকায় করোনা আক্রান্ত রোগীদের বিনামূল্যে সেবা দেওয়ার জন্য নগরীর আটটি থানায় আটটি অ্যাম্বুলেন্স এবং ৫৭টি ওয়ার্ডে প্রায় ১০০টি অক্সিজেন সিলিন্ডার ২৪ ঘণ্টা প্রস্তুত রাখা হয়েছে। হটলাইনের (০১৭১৩-৮৩০১৩০) নম্বরে ফোন করলেই তাত্ক্ষণিক যুবলীগের স্বেচ্ছাসেবী কর্মীরা অ্যাম্বুলেন্স এবং অক্সিজেন সিলিন্ডার নিয়ে করোনায় আক্রান্ত রোগীর বাসায় পৌঁছে যাবেন। যুবলীগ নেতা হিরা সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে যুবলীগ নেতা আলমগীর হোসেন, রাশেদ আলম প্রমুখ উপস্থিত ছিলেন।
