যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে ছড়িয়ে পড়েছে দাবানল

আপডেট : ১২ জুলাই ২০২১, ০০:৪২

যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলে দাবানল ছড়িয়ে পড়েছে। ওরেগন রাজ্যের বুলেগেতে দাবানলের আকার দ্বিগুন হয়ে ১১৯ বর্গমাইল এলাকা জুড়ে জ্বলছে। এর ফলে বিদ্যুত্ সরবরাহ লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রশান্ত মহাসাগরীয় উত্তর পশ্চিমাঞ্চল ও ক্যালিফোর্নিয়ায় লক্ষাধিক বাড়িতে বিদ্যুত্ সরবরাহ বিচ্ছিন্ন। ক্যালিফর্নিয়া রাজ্যের বাসিন্দাদের বিকেল ৪টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যুত্ সংরক্ষণের অনুরোধও জানানো হয়েছে। শত শত বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে। উত্তরাঞ্চলীয় ক্যালিফোর্নিয়ায় দু’টি দাবানল একত্রিত হয়ে এবং ছড়িয়ে লাখ লাখ একর জমি ক্ষতিগ্রস্থ করেছে। তবে শনিবার তা সামান্য নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আবহাওয়া দপ্তর জানায়, তাপমাত্রা ১০০ ডিগ্রির ওপরে থাকায় ক্যালিফোর্নিয়া রাজ্যজুড়ে দাবানল ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে। কর্তৃপক্ষ জনগণকে হুঁশিয়ারি বার্তা শোনার এবং এলাকা ত্যাগ করার জন্য প্রস্তুত থাকতে পরামর্শ দিয়েছেন। আকাশ থেকে প্রাথমিক পর্যবেক্ষণের সময় বিমান দুর্ঘটনায় শনিবার দু’জন দমকল বাহিনীর কর্মী মারা যান। -ভয়েস অব আমেরিকা