আড়াইহাজারে সন্দেহভাজন জঙ্গি আস্তানায় সিটিটিসির অভিযান

আপডেট : ১২ জুলাই ২০২১, ০০:৪৬

নারায়ণগঞ্জের আড়াইহাজারের নোয়াগাঁও মিয়াবাড়ি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়িতে অভিযান চালিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গতকাল রবিবার রাত সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত অভিযান চালিয়ে ঐ বাড়ি থেকে তিনটি বোমা উদ্ধার এবং নিষ্ক্রিয় করা হয়েছে। এছাড়া ঐ বাড়ি থেকে এক নব্য জেএমবি সদস্যকে আটক করা হয়েছে।

রাতে ঘটনাস্থল থেকে ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মো. আসাদুজ্জামান জানান, রবিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে আব্দুল্লাহ আল মামুন নামে এক সন্দেহভাজন নব্য জেএমবি কর্মীকে গ্রেফতার করে সিটিটিসির সদস্যরা। এরপর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যা ৬টার দিকে আড়াইহাজারের ঐ বাড়িতে অভিযান চালানোর সিদ্ধান্ত নেয় সিটিটিসির টিম। রাতে ঢাকা থেকে সিটিটিসি বোমা নিষ্ক্রিয়করণ ইউনিট এবং সোয়াট (বিশেষ অস্ত্র ও কৌশল) দল সেখানে পৌঁছলে রাত সাড়ে ১০টার দিকে ঐ বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ঐ বাসা থেকে এক জনকে গ্রেফতার এবং তিনটি বোমা উদ্ধার করা হয়। পরে ঐ বাড়িতেই বোমাগুলো একে একে নিষ্ক্রিয় করা হয়।

তিনি আরো বলেন, গ্রেফতারকৃত মামুনসহ দুই জনের স্বীকারোক্তি অনুযায়ী সিটিটিসি নারায়ণগঞ্জের মদনপুরে আরো একটি বাড়ি ঘিরে রেখেছে। সেখানেও অভিযান চালানো হবে। অভিযানের পর সেটা পুলিশের পক্ষ থেকে গণমাধ্যমকে জানানো হবে।

সিটিটিসির বোম্ব ডিসপোজাল ইউনিটের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার রহমত উল্লাহ চৌধুরী সুমন জানান, রবিবার রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে গ্রেফতারকৃত আব্দুল্লাহ আল মামুন পুলিশের কাছে স্বীকার করে বলেন যে, তিনি নোয়াগাঁও এলাকার একটি মসজিদের ইমাম হিসেবে কাজ করতেন। ইমামতির আড়ালে তিনি বোমা তৈরির একটি কারখানা গড়ে তোলেন। তার ঐ আস্তানা থেকে তৈরি করা বোমা নিয়েই গত ১৯ মে সিদ্ধিরগঞ্জের একটি পুলিশ বক্সে বিস্ফোরণ ঘটানো হয়।

সিটিটিসির একজন কর্মকর্তা জানান, জঙ্গি আস্তানাটি নব্য জেএমবির। গ্রেফতারকৃত মামুন নব্য জেএমবির একজন গুরুত্বপূর্ণ সদস্য। জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদের শনাক্ত করার চেষ্টা চলছে। তিনি বলেন, মামুন মসজিদের মুয়াজ্জিন হিসেবে কাজ করতেন। মামুনের বাবার নাম আব্দুল হান্নান। তার গ্রামের বাড়ি লালমনিরহাট জেলায়। ঘটনাস্থল থেকে গ্রেফতারকৃত অপর জনের নাম পরে জানানো হবে।