মহাসড়কে চুরি-ডাকাতি প্রতিরোধে টহলদারি বাড়ানোর আহ্বান বিজিএমইএর

আপডেট : ১২ জুলাই ২০২১, ০০:৪৭

ইত্তেফাক রিপোর্ট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রায়শই পোশাক খাতের রপ্তানি ও আমদানির মাল চুরি, ডাকাতির ঘটনা ঘটে থাকে। এতে করে একদিকে যেমন সংশ্লিষ্ট কারখানা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়, অন্যদিকে ক্রেতার কাছেও দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। যার আর্থিক মূল্য নিরূপণ করা অসম্ভব। মহাসড়কে চুরি-ডাকাতি প্রতিরোধে সব ট্রাক ও কাভার্ড ভ্যানে ট্রাকিং ডিভাইস, জিপিএস স্থাপনের জন্য বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতিকে অনুরোধ জানিয়েছেন তৈরি পোশাকশিল্প মালকদের সংগঠন বিজিএমইএ সভাপতি ফারুক হাসান। সেই সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর টহলদারি বাড়ানোর আহ্বান জানান তিনি। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কীভাবে পোশাকশিল্পের রপ্তানি ও আমদানির মাল চুরি প্রতিরোধ করা যায় এবং কীভাবে মহাসড়কে পণ্য পরিবহনে সেবার মান বৃদ্ধি করা যায়, সে বিষয়ে গতকাল রবিবার বিজিএমইএ অফিসে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান ও বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির মধ্যে আলোচনা হয়। এ সময় বিজিএমইএ-এর সহসভাপতি মো. শহিদউল্লাহ আজিম উপস্থিত ছিলেন। বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতির পক্ষে উপস্থিত ছিলেন কার্যকরী সভাপতি সৈয়দ মো. বকতিয়ার এবং সাধারণ সম্পাদক মো. রুস্তম আলী খান।