পাঁচবিবিতে চাঁদাবাজির অভিযোগে এসআই ক্লোজড

আপডেট : ১২ জুলাই ২০২১, ১০:০৫

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মাঝিনা এলাকায় বিভিন্ন পরিবহনে চাঁদাবাজির অভিযোগে জেলার কালাই থানার এসআই রাফি হাসানকে ক্লোজড করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা। 

উপজেলার আটাপুর ইউনিয়ন পরিষদের সদস্য আমিনুল ইসলাম জানান, শনিবার সন্ধ্যায় কালাই থানার এসআই রাফি হাসান পাঁচবিবি থানা এলাকার হিলি-চাঁনপাড়া সড়কের মাঝিনা বাজারে রাস্তা দিয়ে চলাচল করা বিভিন্ন পরিবহনে চাঁদা তুলছিলেন। এসময় একটি সিএনজি থামিয়ে এক যাত্রীকে হ্যান্ডকাপ লাগিয়ে ১ লাখ টাকা দাবি করেন। স্থানীয় ইউপি সদস্যসহ স্থানীয়রা পাঁচবিবি থানা পুলিশকে জানালে তাকে আটক করা হয়। 

পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব জানান, এসআই রাফি হাসান কালাই থানায় কর্মরত। পাঁচবিবি থানা এলাকায় পোশাক পরে এসে গাড়ি ধরার আইনের মধ্যে পড়ে না। এজন্য তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এছাড়াও তার সহযোগী সদর উপজেলার আমদই ইউনাইটেড কলেজের অফিস সহকারী মামুনুর রশিদকে আটক করা হয়েছে।

পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভূঞা বলেন, ‘কর্মস্থল এলাকার বাহিরে কাউকে না জানিয়ে যাওয়া এবং স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে তাকে ক্লোজড করে পুলিশ লাইনে নেওয়া হয়েছে। এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।’

ইত্তেফাক/এএএম