গাইবান্ধার গোবিন্দগঞ্জে ঢাকা-রংপুর মহাসড়কের ফাসিতলা এলাকায় ট্রাক ও পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। আজ সোমবার (১২ জুলাই) সকাল ৭ টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন, আব্দুল কুদ্দুস ও ময়েজ উদ্দিন। তাদের বাড়ি ঢাকার সাভারে।
গাইবান্ধার গোবিন্দগঞ্জ ফায়ার সার্ভিসের ষ্টেশন ম্যানেজার আরিফ আনোয়ার জানান, আজ সকাল ৭টার দিকে ছয়জনের একটি গরু ব্যবসায়ীর দল সাভার থেকে পিকআপভ্যানযোগে রংপুরের দিকে যাচ্ছিলো। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানে থাকা গরু ব্যবসায়ীরা রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। এর মধ্যে দ্রুতগামী অপর একটি ট্রাক আহতদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই ময়েজ উদ্দিন মারা যান। গুরুতর আহত অবস্থায় ফয়সাল, শুক্কুর হক, তারা মিয়া, আব্দুল কুদ্দুস ও মিজানকে ফায়ার সার্ভিসের লোকজন উদ্ধার করে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যায়। সেখানে আব্দুল কুদ্দুস নামের অপরজন মারা যান।
আহত অবস্থায় অপর চারজনকে গোবিন্দগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়। আহত ও নিহতরা সবাই গরু ব্যবসায়ী এবং তাদের সকলের বাড়ি ঢাকার সাভার এ বলে জানান গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার এস আই ফজলু।
ইত্তেফাক/জেডএইচডি
