নিয়োগপত্র পেলেই শিক্ষক হওয়া যায় না, শিক্ষক হয়ে উঠতে হয়। শিক্ষক হয়ে ওঠা মোটেও সহজ কাজ নয়। কেননা, শিক্ষকতা কোন সাধারণ পেশা নয়, মহান ব্রত। উত্তম শিক্ষক হয়ে ওঠার জন্য থাকতে হয় ঐকান্তিক প্রচেষ্টা। সেই প্রচেষ্টা হতে হয় বিরামহীন। মানব শিশুকে মানুষ করার গুরুদায়িত্ব শিক্ষকের। এই কঠিন দায়িত্ব পালনের জন্য শিক্ষককে হয়ে উঠতে হয় সুযোগ্য সুদক্ষ আত্মত্যাগী উত্কৃষ্ট মানব। শিক্ষার্থীর প্রতি দায়িত্ব কর্তব্যে থাকতে হয় নিরলস নিবেদিত। জ্ঞানে গুণে কর্মে কথায় হয়ে উঠতে হয় শিক্ষার্থীর পরম পূজনীয়। প্রতিনিয়ত নিজেই পরখ করে দেখতে হয় নিজের ভুলত্রুটি। কোনো ভুলকেই ভাবা যায় না ছোট, কোনো ত্রুটিকেই করা যায় না অবহেলা। একান্তে ও একাগ্রচিত্তে চালাতে হয় ভুলত্রুটির উর্ধ্বে উঠে নিজের উন্নয়ন সাধনের প্রচেষ্টা। বারবার নিজেই নিজেকে মূল্যায়ন করে দেখতে হয়, আমি কতটা শিক্ষক হয়ে উঠতে পারলাম! সেই মূল্যায়নের জন্য জাগ্রত করতে হয় বিবেক, বিবেচনায় আনতে হয় ছোট-বড় অনেক বিষয়। চলুন, একজন শিক্ষক হিসেবে কয়েকটি সাধারণ প্রশ্ন করি নিজের বিবেককে, নিজেই সামান্য মূল্যায়ন করে দেখি নিজেকে।
* আমি কী প্রতিটি ক্লাসে সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে, সর্বাধিক গুরুত্ব দিয়ে পাঠদান করি নাকি যেনতেনভাবে সময় পার করি?
* পাঠদানকৃত বিষয়ে জ্ঞানের গভীরতা বাড়াতে আমি কী সদা সক্রিয় থাকি? নাকি যেনতেনভাবে পাঠদান চালিয়ে যাই?
* গৃহীত প্রশিক্ষণ প্রয়োগ করে উন্নত পাঠদানে আমি কী অধিক সচেষ্ট থাকি? নাকি নিজের মতো যেনতেন পাঠদান করে থাকি?
* আধুনিক প্রশিক্ষণ নিয়ে নিজেকে আরো যোগ্য করে তুলতে আমি কী বেশি আগ্রহী? নাকি অর্থ আনার জন্য প্রশিক্ষণে যেতে বেশি আগ্রহী?
* আধুনিক ও নিত্যনতুন শিক্ষা উপকরণ ব্যবহার করে কী প্রতিটি ক্লাসকে আরো আকর্ষণীয় করার চেষ্টা করি? নাকি গতানুগতিক দু-একটি উপকরণ দিয়েই ক্লাস চালিয়ে নিই?
* শিক্ষার্থীদের স্বার্থে ডিজিটাল যুগের উপযোগী শিক্ষক হয়ে ওঠার জন্য কী ধৈর্য্য ধরে রাখার চেষ্টা করি? নাকি আধুনিকতাকে পাশ কাটিয়ে কৌশলে সময় পার করার চেষ্টা করি?
* শিক্ষার্থীদের সাথে আমি কী শুদ্ধ ভাষায় কথা বলি? আমি কী শুদ্ধভাবে লিখতে ও পড়তে জানি? নাকি আঞ্চলিক বা অশুদ্ধ ভাষায় কথা বলি? নাকি ভুল বাক্যে/বানানে লিখি, ভুল উচ্চারণে পড়ি?
* সাজপোশাকে আমি কী শালীন ও পরিপাটি থাকি? নাকি উগ্র/ মলিন/ অশালীন/ অপরিচ্ছন্ন থাকি?
* ক্লাসের ঘন্টা বাজার আগেই কী শিক্ষার্থীদের হাজিরা খাতা, মার্কার-ডাস্টার ও অন্যান্য শিক্ষাসামগ্রী রেডি রেখে অপেক্ষা করি? নাকি ঘন্টা বাজার পরে এসব রেডি করতে শুরু করি?
* প্রতিটি ক্লাসের নির্ধারিত সময় কী পূর্ণ করে ক্লাস শেষ করি? নাকি যথাসম্ভব কম সময়ে ক্লাস শেষ করে দায় সরানোর ফাঁক খুঁজি?
* ক্লাসে যাওয়ার সময় আমি কী যথাসম্ভব দ্রুত গিয়ে ক্লাসে যোগদান করার চেষ্টা করি? নাকি ধীরে ধীরে হেঁটে বা কারো সঙ্গে কথা বলে বিলম্বে হাজির হই?
* নির্দিষ্ট দুর্বল/দায়ী শিক্ষার্থীকে ব্যক্তিগতভাবে ডেকে এনে একান্তে বুঝিয়ে কী দোষত্রুটি সংশোধনের চেষ্টা করি? নাকি ক্লাসরুমে রাগারাগি, বকাঝকা, লজ্জিত ও অপমানিত করে অধিকাংশ সময় পার করে দিই?
* আমি কী আমার শিক্ষার্থীদের সঠিকভাবে পড়িয়ে, শিখিয়ে সন্তুষ্ট রাখতে চাই? নাকি অন্যভাবে কথা বলে, মাথায় হাত বুলিয়ে, নোট-গাইড দিয়ে, সাজেশন দিয়ে, খুশি রাখতে চাই?
* শিক্ষার্থীরা প্রশ্ন করলে আমি কী আগ্রহ সহকারে শিক্ষার্থীদের সকল প্রশ্নের সঠিক উত্তর দিই? নাকি পাল্টা প্রশ্ন করে শিক্ষার্থীদের থামিয়ে দিই?
পরের অংশ আগামীকাল
