রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
রূপগঞ্জে পারভীন বেগম (২৬) নামে এক গৃহবধূকে খাবারের সাথে নেশা জাতীয় দ্রব্য মিশিয়ে খাইয়ে অচেতন করে নগদ টাকাসহ স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।
সোমবার দুপুরে উপজেলার দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ ব্যাপারে গৃহবধূ পারভীনের ছোট বোন শান্তা আক্তার বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ মামলার অন্যতম আসামি জহির মিয়াকে গ্রেফতার করেছে।
শান্তা আক্তারের দেওয়া অভিযোগ থেকে জানা গেছে, গত ৩১ জানুয়ারি তার বড় বোন পারভীন বেগম ও ভাতিজি ঝর্ণা আক্তারকে চাচাতো ভাই রিপন নুডলসের সাথে নেশা জাতীয় দ্রব্য খাইয়ে অচেতন করে ঘরে প্রবেশ করে নগদ ৬০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকার লুটে নেয়। পরে পরিবারের লোকজন ঝর্ণা আক্তারকে প্রাথমিক চিকিত্সা দেয় ও পারভীনকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। পারভীন বেগম হাসপাতাল থেকে চিকিত্সা নিয়ে বাড়ি ফিরে আসলে প্রতিপক্ষ জহির মিয়া, স্বপন মিয়া ও সবিরুন বেগম তাকে হত্যার হুমকি দেয়। হুমকির ঘটনায় ছোটবোন শান্তা আক্তার বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেন। রূপগঞ্জ থানার এসআই মাহফুজ জানান, জহির মিয়াকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।
