তথ্য প্রযুক্তিডেস্ক
বাংলাদেশের হাইটেক পার্কে সবথেকে বড় স্পেস নেয়া ফেয়ার গ্রুপের চেয়ারম্যান রুহুল আলম আল মাহবুব জানিয়েছেন, হাইটেক পার্ক বাংলাদেশেই হুন্দাই এর ইলেক্ট্রিক গাড়ি তৈরির কারখানা হবে। “হাই টেক পার্ক টু মেক বাংলাদেশ আইটি হাব” শীর্ষক অনলাইন সেমিনারে আলোচক হিসেবে অংশ নিয়ে রুহুল আলম আল মাহবুব এই তথ্য জানান। অনলাইন সেমিনারটির আয়োজক সিটিও ফোরাম বাংলাদেশের সভাপতি তপন কান্তি সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়-এর প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য।
প্রতিমন্ত্রী বলেন, শুরুতে যখন ডিজিটাল বিনির্মানের বাংলাদেশ ঘোষণা দেয়া হলো তখন সেটা নিয়ে অনেকে কৌতুক করলেও বর্তমানে তা বাস্তব। দেশের শহরের মানুষজন থেকে শুরু করে একেবারে প্রান্তিক মানুষও ডিজিটাল বাংলাদেশ এর সুফল ভোগ করছে। বিভাগীয় শহরে হাইটেক পার্ক করার ফলে জনগন এখন ঢাকা মুখি না হয়ে নিজ নিজ বিভাগেই কর্মসংস্থান করতে পারছে, সেই সাথে বিদেশি বিনিয়োগ আকৃষ্ট হচ্ছে।
আয়োজনের স্বাগত বক্তব্যে সভাপতি তপন কান্তি সরকার সিলিকন ভ্যালি সহ প্রথম সারির আইটি হাব গুলোর কথা তুলে ধরেন, এবং আশা প্রকাশ করেন নিকট ভবিষ্যতে বাংলাদেশ হাইটেক পার্ক ও সেই প্রথম সারির আইটি হাবে যোগ দিবে এবং সেই লক্ষ্যে দক্ষতা বৃদ্ধি সহ অন্যান্য ক্ষেত্রেও সিটিও ফোরাম বাংলাদেশ এক সাথে কাজ করবে।
ওয়েবিনারে মূল বক্তব্য প্রদান করেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যাবস্থাপনা পরিচালক বিকর্ণ কুমার ঘোষ। হাইটেক পার্কে প্রদান করা সকল সুযোগ সুবিধা এবং কোম্পানিগুলোকে দেয়া স্পেস ও আইটি স্টার্টআপগুলোকে হাইটেক পার্ক কীভাবে সহযোগিতা করছে তাঁর বিস্তারিত বর্ণনা প্রদান করেন। তিনি বাংলাদেশ হাইটেক পার্কের অধিনে ৪১টি হাইটেক পার্ক ও ৬৮টি ইনকিউবেশন সেন্টার এর বিস্তারিত তুলে ধরেন এবং দেশের ও বিদেশের আইটি কোম্পানি গুলোকে এই সকল হাইটেক পার্কে আসার জন্য আহ্বান করেন। তিনিও সিটিও ফোরামের সাথে একত্রে কাজ করার ঘোষণা দেন।
আয়োজনটি সঞ্চালনা করেন আইসিটি ডিভিশনের এস্প্যায়ার টু ইনভেশান এর প্রধান প্রযুক্তি কর্মকর্তা আরফে এলাহী মানিক। আরো উপস্থিত ছিলেন ডাটাসফট এর ম্যানেজিং মাহবুব জামান, ই-জেনারেশন এর চেয়ারম্যান শামিম আহসান।
