নতুন রেকর্ড গড়ার অপেক্ষায় রুবেল

আপডেট : ১২ জুলাই ২০২১, ২০:৫৫

g বিনোদন রিপোর্ট

 

ঢাকাই চলচ্চিত্রের অ্যাকশন হিরো মাসুম পারভেজ রুবেল এরইমধ্যে কারিয়ারে প্রায় তিন যুগ পার করেছেন। দীর্ঘ এই চলচ্চিত্র যাত্রায় ২৩০টির মতো চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। শুধু ব্যবসাসফল চলচ্চিত্র দর্শকদের উপহার দিয়েছেন তা নয়, এ পর্যন্ত ৯৭ জন নায়িকার বিপরীতে অভিনয় করেছেন এই চিত্রনায়ক। এবার তিনি নতুন লক্ষ্যে হাঁটছেন বলে জানালেন। আর মাত্র ৩ জন নায়িকার বিপরীতে অভিনয় করতে পারলেই তার নায়িকা সংখ্যা সেঞ্চুরি করবে। তারপরই গিনেজ বুক অব ওয়ার্ল্ড রেকডর্সে নিজের নাম লেখাতে আবেদন করবেন তিনি!

সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে নিজের এমন প্রত্যাশার কথা ব্যক্ত করেন রুবেল। এছাড়া অনুষ্ঠানে তিনি ক্যারিয়ারের নানা প্রাপ্তি অপ্রাপ্তির কথা বলতে গিয়ে জানান, কাজী হায়াতের আম্মাজান ছবিতেও তার অভিনয় করার কথা ছিল। ছবিটির জন্য তিনি চুক্তিবদ্ধ হওয়ার পরও বিশেষ একটি কারণে আর অভিনয় করা হয়নি। পরে প্রয়াত চিত্রনায়ক মান্না ছবিটিতে অভিনয় করে সাফল্য পান।

উল্লেখ্য, রুবেলের চলচ্চিত্রে যাত্রা শুরু হয় একজন প্লেব্যাক শিল্পী হিসেবে। তার বড়ভাই চিত্রনায়ক সোহেল রানার ‘জীবন নৌকা’ ছবির একটি গানে কণ্ঠ দেন তিনি। এছাড়া দীর্ঘ ৪ বছর শাস্ত্রীয় সংগীতে তালিম নিয়েছিলেন এই ‘লড়াকু’ অভিনেতা। কিন্তু পরবর্তীতে তিনি জনপ্রিয় চিত্রনায়ক হিসেবেই মানুষের কাছে পরিচিত হন। তবে শুধু সিনেমাতেই নয়, এর বাইরেও কারাতে বিশেষ ভূমিকা রয়েছে তার। এমনকি জাতীয় চ্যাম্পিয়নশীপে কারাতে, ফুটবল ও ব্যাডমিল্টনে পুরস্কার অর্জন করেছেন রুবেল।