ভারতে ফের সংক্রমণ ও মৃত্যু কমলো

আপডেট : ১৩ জুলাই ২০২১, ০০:২১

দ্বিতীয় দিনের মতো ভারতে সংক্রমণ ও মৃত্যু কমায় কিছুটা স্বস্তি মিলেছে। গত ২৪ ঘণ্টায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কমতে দেখা গেছে। ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত হয়েছেন ৩৭ হাজার ১৫৪ জন। একই সময়ে করোনায় ৭২৪ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত ৫ জুলাই দৈনিক মৃত্যুর সংখ্যা ছিল ৭২৩। এনডিটিভি

এক দিন আগেই দেশটিতে করোনা শনাক্ত হয়েছে ৪১ হাজার ৫০৬ জনের। একই সময়ে করোনা কেড়ে নিয়েছে আরো ৮৯৫ জনের প্রাণ। তার আগের দিন করোনা শনাক্ত হয়েছে ৪২ হাজার ৭৬৬ জনের এবং মৃত্যু হয়েছে ১ হাজার ২০৬ জনের। অর্থাত্ আগের দুই দিনের তুলনায় গত ২৪ ঘণ্টায় সংক্রমণ এবং মৃত্যু দুই-ই কমেছে। তবে গত ২৪ ঘণ্টায় তুলনামূলক কম সংখ্যক মানুষকে টিকা দেওয়া হয়েছে। এক দিনে দেশে ১২ লাখ ৩৫ হাজার ২৮৭ জনকে টিকা দেওয়া হয়েছে।  টিকাকরণ শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ৩৭ কোটি ৭৩ লাখ ৫২ হাজার ৫০১ জন টিকা পেয়েছেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, ১২ জুলাই সোমবার পর্যন্ত ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮ লাখ ৭৪ হাজার ৩৭৬। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ৪ লাখ ৮ হাজার ৭৬৪ জনের।