কুমিল্লা-সিলেট মহাসড়কের ময়নামতি সেনানিবাস এলাকা থেকে মুরাদনগরের কোম্পানীগঞ্জ পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার সড়কের বিভিন্ন স্থান জুড়ে বাড়ছে মৃত গাছের সংখ্যা। সড়কের দু’পাশে শিশু, মেহগনি, রেনট্রি জাতীয় কমপক্ষে অর্ধশতাধিক বড় বড় কাঠ জাতীয় গাছ দীর্ঘদিন ধরে মরে পড়ে আছে। দিনের পর দিন এসব গাছ শুকিয়ে নরম হয়ে যাওয়ায় ঝড়-তুফানে যে কোনো সময় ভেঙে যেতে পারে। এতে সড়কে চলাচলরত হাজার হাজার যানবাহন, যানবাহনের যাত্রীসহ পথচারীদের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় লোকজনসহ যানবাহনের চালকরা। সাম্প্রতিক সময়ে ময়নামতি সেনানিবাস এলাকায় সম্মিলিত সামরিক হাসপাতালের পূর্ব পাশে প্রধান প্রবেশপথের সামনে, ময়নামতি রেশমপ্রকল্প সংলগ্ন ঝুমুর এলাকায় দুটি গাছ ভেঙে পড়েছিল। প্রায়ই ঝড়-বৃষ্টির সময় জোরে বাতাস হলে বিভিন্ন স্থানে সড়কের ওপর গাছের ডাল ভেঙে পড়ে। এ অবস্থায় চালকসহ সচেতন মানুষদের দাবী, শুকিয়ে যাওয়া গাছগুলো দরপত্রের মাধ্যমে দ্রুত বিক্রির ব্যবস্থা করার। এতে অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনার ঝুঁকি কমে যাবে। উল্লেখ্য কুমিল্লা-সিলেট মহাসড়ক পথে প্রতিদিন কমপক্ষে ৫ হাজারেরও বেশি বিভিন্ন শ্রেণীর যানবাহন চলাচল করছে।
কবীর, কান্দিরপাড়,কুমিল্লা-৩৫০০
