পানির স্রোতে কলমাকান্দায় ভেসে গেছে পাকা সড়ক

আপডেট : ১২ জুলাই ২০২১, ২১:৩৯

নেত্রকোনা  প্রতিনিধি

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কলমাকান্দা-বরুয়াকোনা পাকা সড়কের খাসপাড়া মসজিদ সংলগ্ন স্থানটি ভেঙে দ্বিখণ্ডিত হওয়ায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গত কয়েক দিনের প্রবল বর্ষণে এবং উজান থেকে নেমে আসা পানির তোড়ে সড়কটি ধসে গেছে। এই সড়কটির নির্মাতা হচ্ছে এলজিইডি।

গত শনিবার সকালের দিকে ঐ সড়কের প্রায় ৬০ ফুট অংশ ভেঙে পাশের খালে বিলীন হয়ে গেছে। ফলে দুর্ভোগে পড়েছেন এলাকার কমপক্ষে ৩০ গ্রামের মানুষ।

স্থানীয় সূত্রে জানা গেছে, কলমাকান্দা সদর থেকে বরুয়াকোনা বাজার পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার সড়ক। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) তত্ত্বাবধানে বিভিন্ন সময়ে তিন দফায় সড়কটি পাকা করা হয়। নির্মাণের পর পরবর্তী সময়ে এই সড়কটি আর মেরামত করা হয়নি। বন্যার পানিতে সড়কটি ভেঙে দ্বিখণ্ডিত হওয়ার আগে ঐ সড়ক দিয়ে সব ধরনের যানবহন চলাচল করত। ফলে গ্রামীণ অর্থনীতি চাঙ্গা হয়ে উঠেছিল। সড়কটি ভেঙে যাওয়ার পর থেকে সবধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

স্থানীয় বাসিন্দা বাচ্চু মিয়া বলেন, বন্যার পানির প্রবল স্রোতে সড়কের এই জায়গাটি ভেঙে দ্বিখণ্ডিত হয়ে পড়েছে। সেখানে প্রায় ৬০ ফুট অংশ ফাঁকা হয়ে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) কলমাকান্দা উপজেলা প্রকৌশলী আফসার উদ্দিন বলেন, এই সড়কটি মেরামতের জন্য প্রাক্কলন তৈরি করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে। তাছাড়া দ্বিখণ্ডিত হওয়া স্থানটি জরুরিভাবে মেরামত করে দেওয়া হবে।