প্রণোদনা বণ্টনে অনিয়মের প্রতিবাদে খামারিদের বিক্ষোভ

আপডেট : ১২ জুলাই ২০২১, ২১:৪৪

ধনবাড়ী উপজেলা প্রাণিসম্পদ অফিস

গোপালপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্পের সুফলভোগী নির্বাচন ও প্রণোদনার টাকা বণ্টনে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে কয়েক হাজার খামারি সোমবার দুপুরে ধনবাড়ী উপজেলা বাসস্ট্যান্ড চত্বরে মানববন্ধন করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে ধনবাড়ী উপজেলা প্রাণিসম্পদ অফিস ঘেরাও করেন। সেখানে বক্তৃতায় দুর্নীতির সঙ্গে জড়িতদের গ্রেফতার ও শাস্তি দাবি করা হয়। এ সময় প্রাণিসম্পদ অফিস লক্ষ্য করে ঢিল ছোড়া হয়। টাঙ্গাইল থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা যায়, ধনবাড়ী উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত দেড় হাজার ডেইরি ও পোলট্রি খামারির মধ্যে সরকার দুই দফায় এলডিডিপি প্রকল্পের মাধ্যমে প্রায় ১৬ কোটি টাকা বিতরণ করে। ধনবাড়ী উপজেলার বলিভদ্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুরুজ্জামান মিন্টু জানান, উপজেলা প্রাণিসম্পদ অফিস খামারি বাছাইয়ে ব্যাপক দুর্নীতির আশ্রয় নেয়। যাদের ডেইরি বা পোলট্রি খামার নেই তাদের তালিকাভুক্ত করে প্রণোদনার টাকা উঠিয়ে ভাগবণ্টন করে নেয়। যারা পেশাদার খামারি তারা প্রণোদনা বঞ্চিত হন। মিল্কভিটার রেজিস্ট্রেশনপ্রাপ্ত মুশুদ্দী ইউনিয়ন দুগ্ধ উত্পাদন খামার সমিতির সভাপতি সোহরাব আলী অভিযোগ করেন, প্রাণিসম্পদ অফিস লাইভস্টক প্রভাইডার ও ফিল্ড সহকারীদের মাধ্যমে ভুয়া ডেইরি ও পোলট্রি ফার্ম দেখিয়ে প্রণোদনার টাকা ভাগবণ্টন করে নিয়েছেন। বীরতারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম জানান, জীবনে অনেক চুরিচামারি ও দুর্নীতি দেখেছি, কিন্তু এমন হরিলুট দেখিনি। অফিস স্টাফরা ভুয়া খামার মালিকের নামে মোবাইলের নতুন সিম কিনে এবং ব্যাংক হিসাব খুলে অভিনব কায়দায় প্রণোদনার টাকা ভাগবণ্টন করে নিয়েছেন। ধোপাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকবর আলী জানান, উপজেলা পরিষদ এ দুর্নীতি বন্ধে মিটিং করে উপজেলা পশুসম্পদ কর্মকর্তাকে সতর্ক করেন। কিন্তু তিনি সেই সতর্কতা আমলে নেননি।

উপজেলা পশুসম্পদ কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, প্রণোদনার টাকা বিতরণে কোনো অনিয়ম বা দুর্নীতি হয়নি। ২৫ হাজার থেকে দেড় হাজার খামারি বাছাইয়ে জনপ্রতিনিধিদের তালিকাকে গুরুত্ব দেওয়া হয়েছে। তাই মানববন্ধন বা অফিস ঘেরাও জনপ্রতিনিধিদের স্ববিরোধী কাজ। উপজেলা চেয়ারম্যান হারুন অর রশীদ হীরা জানান, অখামারিকে খামারি দেখিয়ে বিশেষ কায়দায় কোটি কোটি টাকা ভাগবণ্টন করে নিয়েছে প্রাণিসম্পদ অফিস। উপজেলা পরিষদের সতর্কতাকে তারা কানে তোলেনি। তিনি এর তদন্ত ও দোষীদের শাস্তি দাবি করেন। এদিকে ধনবাড়ী উপজেলা নির্বাহী অফিসার হিসাবে সোমবার দুপুরে যোগদান করেছেন সামিউল হোসেন। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন।