ময়মনসিংহ প্রতিনিধি
শহরের নতুনবাজার এলাকার নির্মাণাধীন ভবনে এডিস মশার লার্ভা পাওয়ায় ভবনমালিককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভ্রাম্যমাণ আদালত। সোমবার বেলা ১১টায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শাকিল আহমেদ পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এই জরিমানা করেন। এ সময় উপস্থিত ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এইচ কে দেবনাথ জানান, ডেঙ্গু মোকাবিলায় সচেতনতা কার্যক্রমের সঙ্গে কোনো নির্মাণাধীন ভবন, বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে এডিস মশার লার্ভা পাওয়া গেলে তা আইনের আওতায় আনা হচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে। জরিমানাকালে মেডিক্যাল অফিসার ডা. রেদাউর রহমান খান ও ডা. তাসমিয়া জান্নাত, খাদ্য ও স্যানিটেশন কর্মকর্তা দীপক মজুমদার, স্যানিটারি ইন্সপেক্টর জাবেদ ইকবাল প্রমুখ উপস্থিত ছিলেন।
