শেরপুর প্রতিনিধি
নতুন কোনো করারোপ ছাড়াই শেরপুর পৌরসভার ২০২১-২০২২ অর্থবছরের জন্য ৭৭ কোটি ৩০ হাজার ২৯৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। সোমবার দুপুরে পৌরসভার সভাকক্ষে প্রস্তাবিত এ বাজেট ঘোষণা করেন মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন। এদিন একই সঙ্গে গত অর্থবছরে (২০২০-২০২১) ৫৪ কোটি ২৩ লাখ ৫৬ হাজার ৪৯৬ টাকার সংশোধিত বাজেটও উপস্থাপন করা হয়। প্রস্তাবিত বাজেটে পৌরসভার রাজস্ব খাতে ১৫ কোটি ৮৪ লাখ ২০ হাজার ১৬০ টাকা আয় এবং ১৫ কোটি ১৭ লাখ ৩৪ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। এছাড়া উন্নয়ন খাতে ৬১ কোটি ১৩ লাখ ৯ হাজার ৮৩৪ টাকা আয় এবং ৫১ কোটি ১৯ লাখ ৩৩ হাজার ৫০০ টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেটে সর্বমোট ৬৬ কোটি ৩৬ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা ব্যয় বাদে উদ্বৃত্ত ধরা হয়েছে ১০ কোটি ৬৩ লাখ ৬২ হাজার ৭৯৬ টাকা।
