লোহাগাড়া (চট্টগ্রাম) সংবাদদাতা
লোহাগাড়া উপজেলায় গত রবিবার বিকেলে একটি মিনি ট্রাকে তল্লাশি চালিয়ে অস্ত্রসহ দুই জনকে আটক করেছে পুলিশ। এ সময় আরো তিন জন পলিয়ে যায়। আটককৃতরা হলেন চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলার গণ্ডামারা চরপাড়া এলাকার মো. লোকমান ও কর্ণফুলী থানার মো. মামুন। লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকের হোসাইন মাহমুদ জানান, উপজেলা সদরে ডায়াবেটিক হাসপাতালের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে মিনি ট্রাকে তল্লাশি চালায় পুলিশ। এ সময় দুটি ওয়ান শুটারগান, তিন রাউন্ড কার্তুজ, একটি তালা কাটার যন্ত্র, দুটি ধারালো ছোরা, দুটি লোহার পাইপ, একটি শাবলসহ দুই জনকে আটক করা হয়। আটককৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সদস্য। তাদের বিরুদ্ধে থানায় অস্ত্র, পুলিশকে আঘাত ও ডাকাতির প্রস্তুতি আইনে পৃথক তিনটি মামলা হয়েছে। এ ছাড়া তাদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
