সকালে ফিরছেন মুমিনুলরা জিম্বাবুয়ের বিরুদ্ধে জয় বাড়াবে আত্মবিশ্বাস

আপডেট : ১২ জুলাই ২০২১, ২১:৫০

স্পোর্টস রিপোর্টার

টেস্ট ক্রিকেটে বাংলাদেশের ১৫ জয়ের পাঁচটি বিদেশের মাটিতে। ওয়েস্ট ইন্ডিজ, জিম্বাবুয়ের বিরুদ্ধে দুটি করে ও শ্রীলঙ্কায় একটি জয় আছে টাইগারদের। বিরুদ্ধ কন্ডিশনে জিম্বাবুয়ের বিপক্ষে ২২০ রানের জয় টেস্ট দলের আত্মবিশ্বাস বাড়াবে মনে করেন অধিনায়ক মুমিনুল হক। এই আত্মবিশ্বাস নিয়েই আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় আসর শুরুর আশা করছেন তিনি।

এদিকে সিরিজের একমাত্র টেস্ট শেষে আজই ঢাকায় ফিরছে টেস্ট দলের ক্রিকেটাররা। গতকাল বিসিবি জানিয়েছে, আজ সকালে ৯টায় পৌঁছে যাবেন মুমিনুল-সাদমানরা। এদিকে এখনো ভিসা না পাওয়ায় জিম্বাবুয়ে যেতে পারেননি রুবেল হোসেন ও শামীম পাটোয়ারি।

টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রথম আসরে কোনো জয় পায়নি বাংলাদেশ। দ্বিতীয় আসরেও থাকছে কঠিন চ্যালেঞ্জ। ঘরের মাঠে উপমহাদেশের তিন দল ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ। নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজ সফরে যাবে মুমিনুল বাহিনী। সবমিলিয়ে সামনে বন্ধুর পথ।

জিম্বাবুয়েকে হারানোর পর মুমিনুল বলেছেন, ছোটখাট ভুল-ত্রুটি সংশোধন করতে পারলে টেস্ট চ্যাম্পিয়নশিপে ভালো সম্ভাবনা থাকবে বাংলাদেশের। হারারে টেস্টের পর তিনি বলেছেন, ‘আমার মনে হয়, এই ম্যাচটা টেস্ট চ্যাম্পিয়নশিপ শুরুর আগে সবার আত্মবিশ্বাস বাড়াবে। কার কি ভূমিকা সেই জিনিসটা সবাই বুঝতে পারবে। অবশ্যই পরিকল্পনার একটি ব্যাপার তো আছেই। এই টেস্টে যেগুলো পারিনি, ছোট ছোট যে ব্যাপারগুলো ঠিক মতো করতে পারিনি, সেগুলোতে উন্নতির ব্যাপার আছে।’ হারারেতে সিনিয়রদের পাশাপাশি দলের তরুণরাও পারফর্ম করেছেন। সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেছেন, বোলিংয়ে মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদও জ্বলে উঠেছেন। যা দলের উন্নতির লক্ষণ মনে করেন মুমিনুল।

দ্বিতীয় ইনিংসে সাদমান-শান্তর ব্যাটিং নিয়ে অধিনায়ক বলেছেন, ‘প্রথম ইনিংসের কারণেই শান্ত আর সাদমান চাপ ছাড়া ব্যাটিং করতে পারছে। প্রথম ইনিংসে আপনি যদি ভালো টোটাল করতে পারেন, জুনিয়র প্লেয়ারদের চাপ কমে আসে। আমার মনে হয় ওরা এটা খুব ভালোভাবে ব্যবহার করতে পারছে। এ কারণে আমার খুব ভালো লাগছে জিনিসটা।’