ফাইনাল হেরে ইংলিশ সমর্থকদের তাণ্ডব

আপডেট : ১২ জুলাই ২০২১, ২১:৫০

ইউরোর ফাইনালে ইতালির কাছে হারের পর ইংলিশ সমর্থকরা সেখানে তাণ্ডব চালিয়েছেন। স্টেডিয়ামেই ইতালির সমর্থকদের মারধরের কথা সংবাদ মাধ্যমে এসেছে। খেলা শুরু হওয়ার আগেও ইংলিশ সমর্থকরা স্টেডিয়ামের বাইরে খেলার দেখার জন্য নিরাপত্তা বেষ্টনি ভেঙেছে। শুধু তাই নয়, তিন ফুটবলার রাশফোর্ড, সাঞ্চো, সাকা টাইব্রেকারে স্পট থেকে গোল করতে পারেননি বলে তাদের বিরুদ্ধে বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করা হয়েছে নেট দুনিয়ায়। যারা বর্ণবিদ্বেষমূলক মন্তব্য করেছেন তারা মনে করছেন—কৃষ্ণাঙ্গ এই তিন ফুটবলারের কারণেই ইংল্যান্ড চ্যাম্পিয়ন হতে পারেনি।

ইংল্যান্ড প্রধানমন্ত্রী বরিস জনসন বিষয়টি শুনে প্রতিবাদ জানিয়ে টুইট করে বলেছেন, ‘ইংল্যান্ডের সব ফুটবলারকে বীরের সম্মান দেওয়া উচিত। নেট দুনিয়ায় যেভাবে জাতীয় দলের ফুটবলারদের কটাক্ষ করা হয়েছে তা কোনোভাবেই কাম্য নয়। যারা এসব বাজে মন্তব্য করেছেন তাদের লজ্জা হওয়া উচিত। ইংল্যান্ড ফুটবল ফেডারেশন দোষীদের শাস্তি দেওয়ার কথা ভাবছে এবং এ ব্যাপারে সরকারের সহযোগিতাও চাওয়া হয়েছে।