স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ
বন্দরের মদনপুরে কাজীপাড়া এলাকায় জঙ্গি আস্তানা থেকে বোমা তৈরির সরঞ্জাম, চারটি রিমোর্ট কন্ট্রোল ও বিপুলসংখ্যক জিহাদি বই উদ্ধার করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্র্যান্স ন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। রবিবার রাত ৩টার দিকে অভিযান শেষে এ তথ্য জানান সিটিটিসি প্রধান মো. আসাদুজ্জামান। তিনি জানান, তিন দিন আগে মিরপুর থেকে বামসি বারেক ওরফে সাব্বিরসহ তিন জঙ্গিকে মিরপুর এলাকা থেকে গ্রেফতার করে সিটিটিসি। তার দেওয়া তথ্য অনুযায়ী একটি টিম ঘটনার ঐ দিনই কেরানীগঞ্জ থেকে মেজর ওসামা ওরফে নাঈমকে গ্রেফতার করে। সিটিটিসি প্রধান জানান, ওসামা ওরফে নাঈম নব্য জেএমবির সামরিক শাখার সদস্য। তিনি নিজে বোমা তৈরি করেন এবং বোমা তৈরির প্রশিক্ষক। তিনি মদনপুরের কাজীপাড়া এলাকায় পরিবার নিয়ে বসবাস করতেন এবং একটি স্থানীয় মসজিদে দীর্ঘদিন ধরে ইমামতি করে আসছিলেন। তার বাসা থেকেই এ সব বোমা তৈরির সরঞ্জাম ও জিহাদি বই উদ্ধার করা হয়েছে। কিছুদিন আগে তিনি তার পরিবারকে বাড়িতে পাঠিয়ে দেন। এরপর থেকে বাড়িতে একাই থাকতেন এবং বোমা তৈরি করে আসছিলেন ।
