পাঁচ ডাকাত ও তিন চোর কারাগারে

আপডেট : ১২ জুলাই ২০২১, ২২:০৩

টঙ্গী ও ঘিওরে মামলা

ইত্তেফাক ডেস্ক

গাজীপুরের টঙ্গী ও মানিকগঞ্জের ঘিওরে পৃথক ঘটনায় পাঁচ ডাকাত ও তিন চোরকে গ্রেফতার শেষে আদালতে পাঠানো হয়েছে ।

টঙ্গী (গাজীপুর) সংবাদদাতা জানান, টঙ্গীতে ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। গতকাল ভোরে টঙ্গীর পশ্চিম আউচপাড়া এলাকায় নিপ্পন গার্মেন্টসের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো—রবিন, অন্তর, কাউসার শান্ত, আকরাম ও শুভ । তারা সবাই টঙ্গী এরশাদ নগরের বাসিন্দা। এলাকাবাসী জানায়, এরশাদ নগর এলাকার শীর্ষ সন্ত্রাসী বোমা মনিরের নেতত্বে দীর্ঘদিন ধরে এরা এলাকায় ছিনতাই, ডাকাতি করে আসছে। এই দলের অন্যতম সদস্য বোমা মনিরের আপন ছোট ভাই অন্তর। অপরাধীদের হোতা বোমা মনিরকে গ্রেফতার করলেই এরশাদ নগর এলাকায় অপরাধ প্রবণতা কমে যাবে। পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়াল জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা বিভিন্ন সময় চুরি, ছিনতাই ও ডাকাতির কথা স্বীকার করেছে। টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো. শাহ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের শেষে গতকাল আদালতে পাঠানো হয়েছে।

 ঘিওর (মানিকগঞ্জ) সংবাদদাতা জানান, ঘিওরে আলোচিত মোটরসাইকেল চোর চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঘিওর থানা পুলিশ। রবিবার রাতে চাঁদপুর ও টাঙ্গাইল জেলা থেকে তাদের আটক করে থানায় নিয়ে আসা হয়।

গতকাল আসামিদের আদালতে হাজির করা হলে তাদের জেলহাজতে পাঠানো হয়।

অভিযোগ সূত্রে জানা যায়, মুন্নু মেডিক্যাল হাসপাতাল থেকে গত ২২ মার্চ একটি মোটরসাইকেল চুরি হয়। বাদীর লিখিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ঘিওর থানায় মামলা হয়। শিবালয় সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার তানিয়া সুলতানার তত্ত্বাবধানে ঘিওর থানার ইন্সপেক্টর তদন্ত মো. মহব্বত খান মামলাটি তদন্ত করেন। ঘিওর থানার ওসি মো. রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব বলেন, প্রযুক্তির সহায়তায় চোর চক্রের সদস্য রবিন মিয়া, মো. ইমরান ও মো. খোকনকে চাঁদপুর ও টাঙ্গাইল থেকে গ্রেফতার ও মোটরসাইকেলটি টাঙ্গাইলের দেলদুয়ার এলাকা থেকে উদ্ধার করা হয়।